রহস্যময় অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠালো অ্যামাজন

(প্রিয় টেক) সম্প্রতি ইন্টারনেটের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন সাংবাদিকদের একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছে। সেপ্টেম্বরের ৬ তারিখে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্যই জানায়নি কোম্পানিটি।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অবস্থিত বার্কার হ্যাঙ্গারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বের সর্ববৃহৎ এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। সাদামাটা কার্ডে কেবল আমাজনের অনুষ্ঠানে যোগ দেয়ার আহবান ছাড়া আর কোনো ইঙ্গিতও দেয়নি। মূলত কার্ডটা এতোটাই সাদামাটা যে সাংবাদিকরা আশা করছেন, আমাজন যা ঘোষণা করতে যাচ্ছে তা একটু হলেও বেশি ইন্টারেস্টিং হবে।
উল্লেখ্য, সেপ্টেম্বরেই আরও দু'টি আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে যার দিকে চেয়ে রয়েছেন লক্ষ লক্ষ প্রযুক্তিপ্রেমী। এর একটি সেপ্টেম্বরের ৫ তারিখ নোকিয়া-মাইক্রোসফটের যৌথ উদ্যোগে এবং অন্যটি সেপ্টেম্বরের ১২ তারিখ অ্যাপলের নতুন আইফোন ঘোষণা করার অনুষ্ঠান। নোকিয়া-মাইক্রোসফটের অনুষ্ঠান অনেক আগে থেকেই নিশ্চিত করা হলেও অ্যাপলের অনুষ্ঠান সম্পর্কে এখনো অ্যাপল নিজে নিশ্চিত জানায়নি। তবে ১২ তারিখ না হলেও সেপ্টেম্বরেই নতুন আইফোনের পর্দা উঠবে এ নিয়ে প্রযুক্তিবিদদের সবাই মোটামুটি একমত।














