অ্যাপল-স্যামসাং উভয়ের পণ্যই ব্যান হলো দক্ষিণ কোরিয়ায়

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক আদালত দেশটিতে অ্যাপল ও স্যামসাং উভয় কোম্পানিরই কিছু পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, আদালতের রায় অনুযায়ী অ্যাপল স্যামসাং-এর দু'টি পেটেন্ট অবৈধভাবে ব্যবহার করছে আর স্যামসাং ব্যবহার করছে অ্যাপলের একটি পেটেন্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে অ্যাপল স্যামসাং-এর কোনো পেটেন্টই অবৈধভাবে ব্যবহার করছে না বলে রায় দেয়া হয়েছে। অন্যদিকে স্যামসাংকে $১.০৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

অ্যাপলের যেসব পণ্যের বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো আইপ্যাড, আইপ্যাড ২, আইফোন ৩জিএস এবং আইফোন ৪। অন্যদিকে স্যামসাংএর গ্যালাক্সি এস ১, গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি ট্যাব এবং গ্যালাক্সি ট্যাব ২ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

এছাড়াও আদালত ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলকে ৩৫ হাজার ডলার এবং স্যামসাংকে তার প্রায় অর্ধেকের কিছু বেশি দিতে বলেছে। স্থানীয় মুদ্রায় অ্যাপলকে গুণতে হবে ৪০ মিলিয়ন উয়ান এবং স্যামসাংকে গুণতে হবে ২৫ মিলিয়ন উয়ান।

অবশ্য যুক্তরাষ্ট্রের আদালতে সব ক্ষতিরপূরণ কেবল স্যামসাংকেই দিতে বলেছে আদালত। এর মধ্য দিয়ে প্রযুক্তির ইতিহাসে অন্যতম আলোচিত ও দীর্ঘায়িত আইনি যুদ্ধে অ্যাপলকে এক অভাবনীয় জয় এনে দিয়েছে বিচারকদের রায়।