জরিপ: আমেরিকার ৪৭ ভাগ ব্যবহারকারী ফোর-জি এলটিই চায় না

(প্রিয় টেক) আর কিছু দিনের মধ্যেই আমেরিকাতে মুক্তি পাবে অ্যাপলের ফোর-জি সমৃদ্ধ মোবাইল ফোন আইফোন-৫। কিন্তু এরই ভেতর নতুন একটি জরিপে বেরিয়ে এসেছে যে, আমেরিকার ৪৭ ভাগ ব্যবহারকারী অর্থ্যাৎ প্রায় অর্ধেকের মতো ব্যবহারকারী ফোর-জি এলটিই চায় না। যুক্তরাষ্ট্রের ৩০০০ ব্যবহারকারীর উপর একটি জরিপ পরিচালনা করে বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিপার জেফরি। গত বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রিয় টেকের পাঠকদের জন্য একটি বিষয় উল্লেখ্য যে, এখানে ফোর-জি'র বিশেষ একটি ভার্সন ফোর-জি এলটিই (লং টার্ম ইভ্যুলেশন) উপর জরিপ চালানো হয়েছে। একই জরিপে শতকরা ২৬ ভাগ মানুষ বলেছেন যে, সকল ফোর-জি নেটওয়ার্ক একই রকম। অর্থ্যাৎ গ্রাহক হিসেবে তারা ভিন্ন কিছু অনুভব করছেন না। এবং শতকরা ১৫ ভাগ মানুষ জানিয়েছেন, ফোর-জি এলটিই হলো সবচে সেরা নেটওয়ার্ক।
এবছরের প্রথম দিকে অ্যাপল তাদের ফোর-জি সমৃদ্ধ আইপ্যাড-থ্রি বাজারে ছাড়ে। তবে তার পারফরম্যান্স নিয়ে জনমনে প্রশ্ন জাগে। এবং অ্যাপলের আইফোন-৫ নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়ে যায়। সবাই দিন গুনছে কবে হাতে পাবে উচ্চ গতির ইন্টারনেট সমৃদ্ধ আইফোন-৫। এর আগের আইফোনগুলো ছিল থ্রি-জি প্রযুক্তির ইন্টারনেট।
একই জরিপে বের হয়ে এসেছে যে, শতকরা ৫৫ ভাগ ব্যবহারকারী আইফোন-৫ কিনবে।
যদিও বর্তমানে ফোর-জি নেটওয়ার্ক আমেরিকাতে বাজারজাত শুরু হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন অ্যাপলের আইফোন-৫ এলে ফোর-জি নেটওয়ার্কের জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে।
সম্পাদকীয় নোট: উপরের জরিপের তথ্য থেকে অনেকের কাছে মনে হতে পারে, উন্নত বিশ্ব যেহেতু ফোর-জি চাইছে না, সেখানে আমরা চাই কেন? আমরা জানি, বাংলাদেশ একই সাথে থ্রি-জি এবং ফোর-জি লাইসেন্স দেয়া প্রক্রিয়া শুরু করেছে। ঠিক কবে নাগাদ আমরা সেই ইন্টারনেট পাব তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। আমরা চাই, দেশে দ্রুত থ্রি-জি নেটওয়ার্ক চালু হোক। বিভিন্ন কারণে এটাকে দীর্ঘসূত্রিতায় ফেলে দেশকে পিছিয়ে রাখার কোনও অর্থ হতে পারে না। এই বিষয়ে সকল নাগরিককে সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে।













