ভারতে চালু হলো অ্যামাজন কিন্ডল স্টোর

(প্রিয় টেক) সম্প্রতি অ্যামাজন জানিয়েছে, তারা পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য আলাদা করে কিন্ডল স্টোর চালু করেছে। এই স্টোরে দেশটির জনপ্রিয়তম বইগুলো পাওয়া যাবে এবং কেনার সময় "ভারতীয় রুপি" হিসেবেই দাম দেখানো হবে।

অ্যামাজন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির বেস্টসেলার বইসমূহের পাশাপাশি নতুন প্রকাশিত বইও তাদের নতুন চালু করা কিন্ডল স্টোরে পাওয়া যাবে। তাদের বিশাল ভারতীয় স্টোরের সংগ্রহে রয়েছে ১ মিলিয়নের বেশি বই যার মধ্যে রয়েছে নিলসেন বিক্রয় সেরা ১০০টির মধ্যে ৭০টি বই। এগুলো সবই ভারতীয় রুপিতে কিনতে পারবেন পাঠকরা।
এছাড়াও অ্যামাজন নিজেরাই তাদের কিন্ডল ই-রেডার ভারতের বাজারে ৬ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি করছে। আমাজনের দাবি, টানা ৫ বছর ধরে কিন্ডল ই-রেডার হচ্ছে বিশ্বের ১ নম্বর ও সর্বাধিক বেশি বিক্রিত ইবুক রেডার।
অ্যামাজন কিন্ডল এবং কিন্ডল স্টোরের বইয়ের পাশাপাশি স্বাধীন লেখক এবং প্রকাশকদের অ্যামাজন সরাসরি প্রকাশের মাধ্যমে নিজেদের বই অ্যামাজনে মুক্তি দেয়ার সুবিধাও চালু হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন।
উল্লেখ্য, অ্যামাজন ইন্টারনেট-ভিত্তিক কেনাবেচার সবচেয়ে বড় ওয়েবসাইট হলেও বইয়ের বাজারে এর রয়েছে আলাদা চাহিদা। কিন্ডল ই-রেডার বাজারে আসার আগেই অ্যামাজন রাজত্ব করতে শুরু করে ইন্টারনেটে বই কেনার সুবিধা। পাঠকরা আজও অ্যামাজন থেকে ছাপানো বই কেনার সুবিধা পেয়ে থাকেন। আর কিন্ডল ডিভাইস থাকলে সেখানে সরাসরিই বই ডাউনলোড করে পড়তে পারেন। তবে ডিভাইস না থাকলেও ওয়েব ব্রাউজারে বসেও অ্যামাজন স্টোর থেকে কেনা বই পড়তে পারবেন ব্যবহারকারীরা।













