অস্টিনে অবস্থিত চিপ উৎপাদন কেন্দ্রের উন্নয়ন করবে স্যামসাং

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিন টেক্সাসে অবস্থিত স্যামসাংয়ের উৎপাদন কেন্দ্রটি উন্নয়নে স্যামসাং চার বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার বাইরে এটাই স্যামসাংয়ের একমাত্র চিপ উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্রেই অ্যাপলের আইপ্যাড, আইফোন সহ প্রতিষ্ঠানটির নিজস্ব ডিভাইসগুলোর জন্য চিপ নির্মাণ করে স্যামসাং।

এই উন্নয়ন স্যামসাংকে দিবে সিস্টেম-অন-চিপ ডিজাইন ভিত্তিক চিপ নির্মাণ করার সুবিধা। একটি মাত্র সার্কিটে অনেক ধরণের প্রযুক্তি ব্যবহার করাকে সিস্টেম-অন-চিপ বলা হয়, যেমন ধরুন, সিপিইউ, জিপিইউ, মেমরি এবং অন্যান্য যন্ত্রাংশ। এর ফলে ডিভাইস উৎপাদন খরচ অনেক কমে যায়।
স্যামসাংয়ের সর্বসেরা গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটে ব্যবহৃত এক্সিনস ৪ চিপ এবং অ্যাপলের দি নিউ আইপ্যাডে ব্যবহৃত এ৫এক্স উভয় ট্র্যাঞ্জিস্টর তৈরিতে ৩২ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে।
কিন্তু কারখানাটি উন্নয়ন করা হলে এখানে আরো উচ্চতর ২৮ ন্যানোমিটার প্রযুক্তি নির্ভর চিপ নির্মাণ করা সম্ভব হবে। যা আরো বেশি ব্যাটারি সাশ্রয়ী হবে। প্রতিষ্ঠানটি ২০১৩ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে এই প্রযুক্তি ভিত্তিক চিপ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
১৯৯৬ সালে উৎপাদন কেন্দ্রটি নির্মাণের পর থেকে এখন পর্যন্ত স্যামসাং এর পেছনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। যা প্রতিষ্ঠানটির বিদেশে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচিত।
দক্ষিণ কোরিয়ার একটি নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন করবে যা অ্যাসেম্বলি করার জন্য আবার তাকে এশিয়ায় পাঠাতে হবে - ব্যাপারটা অদ্ভুত বলে মনে হলেও একজন বিশেষজ্ঞ বিবিসিকে ব্যাপারটা কৌশলগত পদক্ষেপ বলে উল্লেখ করেন।
ডেভিস মারফি গ্রুপের প্রধান প্রযুক্তি বিশ্লেষক বলেছেন ক্রিস গ্রিন বলেন, "এই ধরণে চিপ নির্মাণের যে সিলিকন এবং বিভিন্ন মূল্যবান ধাতুর প্রয়োজন তা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা, টেক্সাস এবং অ্যারিজোনার মরুভূমি এবং অনুর্বর আবহাওয়ায় ভিত্তিক অঞ্চলে অঢেল পরিমাণে পাওয়া যায়। কাঁচামালের এই সহজলভ্যতা স্যামসাংকে উচ্চ শ্রম এবং পরিবহণ খরচ থেকে রক্ষা করে। এছাড়া উৎপাদন কেন্দ্রগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দেবার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, মুদ্রা মানের উঠানামা এবং অন্যান্য দুর্যোগ থেকে স্যামসাং সহজে রক্ষা পাবে।
গত এপ্রিলে প্রতিষ্ঠানটি চীনে মোবাইল উৎপাদন কেন্দ্র তৈরি করার ঘোষণা দিয়েছে।
এছাড়া অস্টিন সিলিকন হিলস নামক একটি প্রযুক্তি হাব হিসেবে পরিচিত। সিলিকন ভ্যালির বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র রয়েছে এখানে। ফলে দক্ষ কর্মী সংগ্রহ করাও সহজ।
প্রযুক্তি বিশ্লেষক সংস্থা গার্টনারের মাইক্রোপ্রসেসর গবেষণা বিভাগের প্রধান সার্গিস মুশেল বলেন, "অস্টিনের উৎপাদন কেন্দ্র খোলার বিশাল একটি কারণ হচ্ছে স্থানীয় মেধা। স্যামসাং এমন সকল প্রসেসর প্রকৌশলী নিয়োগ দিয়েছে যারা এএমডি এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টের মত চিপ নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করেছে।"
"অন্য সকলের মত স্যামসাংও যুক্তরাজ্যের চিপ ডিজাইনার আর্মের কাছ থেকে চিপ ডিজাইনের লাইসেন্স গ্রহণ করে এর সাথে অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত করে। আর এ কাজের জন্য প্রয়োজন এমন লোকের যারা মাইক্রোপ্রসেসরের অবকাঠামো নিয়ে কাজ করতে পারবে। আর অস্টিন হচ্ছে এমন একটি স্থান যেখানে এ ধরণের লোকের অভাব নেই।"










