ফেসবুকের বিনিয়োগকারী পিটার থিয়েল ২০ মিলিয়ন শেয়ার বিক্রয় করলেন

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এর বিনিয়োগকারী পিটার থিয়েল প্রতিষ্ঠানটির ২০ মিলিয়ন শেয়ার বিক্রয় করে দিয়েছে বলে জানা গিয়েছে। প্রারম্ভিক শেয়ার বের করার পূর্বে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয়ের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে তার সময় সীমা অতিক্রম করার এক সপ্তাহের মাঝে এই শেয়ার বিক্রয় করলেন পিটার।

মে মাসে পুঁজিবাজারে নিজেকে তালিকাভুক্ত করে ফেসবুক। প্রাথমিক মূল্য $৩৮ ডলার হিসেবে বিক্রয় করলেও বর্তমান শেয়ার মূল্য $১৯.২৭ থেকে $২০.৬৯ মাঝে অবস্থান করছে। এত কম মূল্যে শেয়ার বিক্রয় করলেও পিটার ২০ মিলিয়ন শেয়ারের বিক্রয় মূল্য হিসেবে $৪০০ মিলিয়ন ডলার আয় করেছেন যা ২০০৪ সালে প্রতিষ্ঠানটিতে করা $৫ লক্ষ মার্কিন ডলার অপেক্ষা অনেক অনেক বেশি। প্রারম্ভিক শেয়ার বাজারে যুক্ত হবার সময় তিনি ১৬ মিলিয়ন শেয়ার বিক্রয় করেন এবং প্রতিষ্ঠানটির আরো কিছু তার কাছে রয়েছে বলে জানা গিয়েছে।
ফেসবুকের এই বিনিয়োগকারী তার শেয়ার এত কম মূল্যে ছেড়ে দেয়ায় অনেকে অবাক হয়েছেন। ব্যাপারটা প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডারদের জন্য খারাপ সংবাদ বলেই মনে করছে বিশ্লেষকেরা। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ শেয়ার মূল্য ক্রমাগত কমে যাওয়াকে "দুঃখজনক" বলে অভিহিত করেছেন।
ফেসবুকের প্রথম বাহ্যিক বিনিয়োগকারী পিটার থিয়েল পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা।












