১৫ হাজার মোবাইল সংযোগ নিবন্ধনহীন॥ ছয় অপারেটরকে ৬ কোটি ২৯ লাখ টাকা জরিমানা

(প্রিয় টেক) বিভিন্ন সময় র্যাব এবং অন্যান্য আইন শৃংখলা বাহিনীর উদ্ধার করা ১৫ হাজার ২৫৪টি নিবন্ধনহীন সিমের (সংযোগ) বিপরীতে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি ছয় মোবাইল ফোন অপারেটরকে ছয় কোটি ২৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার অপারেটরগুলোকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। আগামী ত্রিশ দিনের মধ্যে অপারেটরগুলোকে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

বিটিআরসি’র চিঠি অনুসারে সর্বোচ্চ টাকা জরিমানা ২ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫’শ টাকা করা হয়েছে এয়ারটেলকে। তাদের ৬ হাজার ১৮৮টি নিবন্ধনহীন সিম পাওয়া গেছে। আইন অনুসারে প্রতিটি নিবন্ধনহীন সিমের বিপরীতে ৫০ ডলার হারে এই জরিমানা করেছে বিটিআরসি।
দ্বিতীয় গ্রাহক সেরা মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের ৩ হাজার ৮৫৭টি অনিবন্ধিত সিম র্যাবের মাধ্যমে পেয়েছে বিটিআরসি। ৫০ ডলার হিসেবে জরিমানার পরিমান ১ কোটি ৫৯ লাখ ১০ হাজার ১২৫ টাকা।
শীর্ষ অপারেটর গ্রামীণফোনের জরিমানা ১ কোটি ৭ লাখ ৯৫ হাজার ১২৫ টাকা। তাদের অনিবন্ধিদত সিম পাওয়া গেছে ২ হাজার ৬১৭টি। রবি’র ১ হাজার ৩০৯টি অনিবন্ধিত সিমের বিপরীতে জরিমানা ৫৩ লাখ ৯৯ হাজার ৬২৫ টাকা। টেলিটকের সিম ১ হাজার ১২৪টি, জরিমানা ৪৬ লাখ ৩৬ হাজার ৫’শ টাকা। আর সিটিসেলের রিম রয়েছে ১৫৯টি। তাদের জরিমানা ৬ লাখ ৫৫ হাজার ৮৭৫ টাকা।
জরিমানা বিষয়ে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রিয়.কম-কে বলেন, অনিবন্ধিত সিম দিয়েই ভিওআইপিসহ মূলত অপরাধমূলক কাজ হয়ে থাকে। অপরাধ নিয়ন্ত্রণের জন্যেই এই জরিমানা আদায় করা। ফলে অপারেটররা নিবন্ধনহীন সিম বিক্রি করা বন্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য যে, এই সংখ্যাটি খুবই নগণ্য। এগুলো বিভিন্ন সময়ে ধরা পড়া সিমের সংখ্যা মাত্র। ভালো করে তদন্ত করলে এই সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই।












