মটোরোলা মোবিলিটির ৪ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

(প্রিয় টেক) গুগল যখন মটোরোলা মোবিলিটি অধিগ্রহণ করে তখন ল্যারি পেজ পরিকল্পনার কথা বলেছিলেন তাদের এই অধিগ্রহণ অ্যানড্রয়েডের বাস্তুতন্ত্রকে সুপারচার্জ করবে। কিন্তু তার আগে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে হবে বলে উল্লেখ করেন তিনি। অবস্থা দৃষ্টিতে সেই ঢেলে সাজানো শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা মটোরোলার ৯৪টি দপ্তরের এক তৃতীয়াংশ বন্ধ করে দিবে, সাথে ২০% বা ৪০০০ কর্মী ছাটাই করবে। এই মুহূর্তে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ২০ হাজার। ছাটাইকৃত কর্মীদের দুই তৃতীয়াংশ হবে আন্তর্জাতিক কর্মী।
ব্যবস্থাপনা মণ্ডলেও পরিবর্তন আনবে গুগল। প্রতিষ্ঠানটির ৪০% ভাইস প্রেসিডেন্টকে রাখবে না বলে জানিয়েছে সে। মটোরোলার প্রধান নির্বাহী সঞ্জয় ঝাঁ সহ শীর্ষস্থানীয় ব্যবস্থাপক ক্রিস্টি ওয়েট, বিল ওগল, জন বুচার এবং জুরগেন স্টার্ক চুক্তি সম্পাদিত হবার পর মটোরোলা ছেড়ে চলে গেছেন।
সঞ্জয় ঝাঁ'র স্থানে মটোরোলার প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন ডেনিস উডসাইড। তিনি পূর্বে গুগলের পণ্য বিপণন এবং পরিচালনা বিভাগের (আমেরিকা) দায়িত্বে ছিলেন। তিনি মটোরোলার পুরাতন গৌরব ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন এবং আর তাই উচ্চ মানের হ্যান্ডসেট নির্মাণের কথাই ভাবছেন তিনি।
যুক্ত হয়েছেন প্রাক্তন ডার্পা প্রধান রেজিনা ডুগান, তিনি মটোরোলার অ্যাডভান্স টেকনোলজি বিভাগের দায়িত্ব পেয়েছেন। খবর পাওয়া গিয়েছে মার্কিন সামরিক গবেষণা কেন্দ্রের এই প্রাক্তন কর্মীটি বর্তমানে মটোরোলার জন্য ধাতু বিজ্ঞানী, শব্দ প্রকৌশলী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষজ্ঞ নিয়োগ করার ব্যবস্থা নিয়েছেন। তিনি ডার্পার একটি ধারণা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন!
এছাড়া অ্যামাজন এবং নোকিয়ার প্রাক্তন ব্যবস্থাপক মার্ক র্যান্ডেল এবং মার্শ অ্যান্ড ম্যাকলেনান এর প্রাক্তন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ভেনেসা উইটম্যান মটোরোলার সাথে যুক্ত হয়েছেন।
প্রতিষ্ঠানটি তার এশিয়া এবং ভারতের কার্যক্রম সঙ্কুচিত করবে, এবং গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র শিকাগো, সানিভেল এবং বেইজিং এ রাখবে।

আকৃতি ছোট হবার সাথে সাথে মোবাইল তৈরির হারও কমিয়ে দিবে প্রতিষ্ঠানটি। বছরে কয়েক ডজন সেট বার করার চাইতে উচ্চ শ্রেণীর কয়েকটি মাত্র সেট বের করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
কম মোবাইল নির্মাণের কারণে খুব বেশি যন্ত্রাংশের প্রয়োজন পড়ছে না মটোরোলার; ফলে বেশ কিছু সরবরাহকারীর সাথে সম্পর্ক চ্ছিন্ন করবে এবং অর্ধেকের বেশি যন্ত্রাংশ ক্রয় করবে বলে ধারণা করা হচ্ছে। গুগলের সাপ্লাই চেইনের দায়িত্বপ্রাপ্ত মার্ক র্যান্ডেল এর মতে নানা ধরণের মোবাইলের নানা ধরণের যন্ত্রাংশের পেছনে অতিরিক্ত অর্থ অপচয় করছিল মটোরোলা। আর তাই সরবরাহকারী নিয়ন্ত্রণ এবং ৫০% কম যন্ত্রাংশ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গুগল এবং মটোরোলার মধ্যে এক অনিন্দ্য সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। মটোরোলার প্রয়োজন উন্নত মাণের সফটওয়্যার আর গুগলের প্রয়োজন ভালো হার্ডওয়্যার। প্রতিষ্ঠানটি তার ক্রোম ল্যাপটপ, গুগল টিভি এবং নেক্সাস কিউ নিয়ে বাজারে খুব একটা ভালো অবস্থানে নেই। সেদিক থেকে মটোরোলা টিভির জন্য সেটটপ বক্স তৈরি করছে বহু বছর ধরে।
গুগল আর মটোরোলার সম্পর্ক কোন দিকে গড়ায় তার দিকে তীক্ষ্ণ নজর রাখছে সনি, এইচটিসি এবং এলজির মত প্রতিষ্ঠানগুলো। গুগলের অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্টফোন নির্মাণ করছে এই প্রতিষ্ঠানগুলো। তারা জানতে চায় গুগলের কাছ থেকে বিশেষ কোন সুবিধা পাবে বা পাচ্ছে কিনা। যদিও গুগল জানিয়েছে মটোরোলা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে চলবে কিন্তু তার পরেও এক প্রতিষ্ঠান হিসেবে একে অপরকে বিশেষ ভাবে সাহায্য করবে না তা মানতে রাজি নয় প্রযুক্তি বিশেষজ্ঞরাও।
মাইক্রোসফটের প্রাক্তন ব্যবস্থাপক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ কিন্ডেল বলেন, 'গুগল নিশ্চয় প্রতিষ্ঠান দুটির মধ্যে চীনের প্রাচীর তৈরি করার কথা চিন্তা করছে না। আর তা যদি না করে তাহলে এরা একে অপরকে অবশ্যই সাহায্য করবে। বাস্তবতা হচ্ছে, মানুষ যখন একত্রে কাজ করে তখন তারা একে অপরকে সাহায্য করে। এরা ইচ্ছা করলেই ফোন তুলে একে অপরের সাথে কথা বলতে পারবে। এই বিশেষ সুবিধা তাদের রয়েছে।"
এটাতো বোঝাই যাচ্ছে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়েছে তার ফলে মটোরোলা গুগল পণ্যের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার পাবে। এছাড়াও প্রতিষ্ঠানটির সাথে জড়িত রয়েছে এমন ব্যক্তিদের মতে অ্যাপলের দৃষ্টান্ত অনুসরণ করে একটি সিলিকন থেকে সফটওয়্যার পর্যন্ত বানিয়ে ফেলতে গুগল। এক্ষেত্রে মটোরোলার জন্য বিশেষভাবে কোন অপারেটিং সিস্টেম তৈরি করলেও অবাক হবেন না তারা।












