তৃতীয় প্রান্তিকেও লোকসানের আশঙ্কা করছে এইচটিসি, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে আগ্রহী

(প্রিয় টেক) তৃতীয় প্রান্তিকেও লোকসানের সম্মুখীন হবে বলে পূর্বাভাস প্রদান করেছে তাইওয়ান ভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচিটিসি। গত ৩ অগাস্ট বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এইচটিসি এ কথা জানিয়েছে। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি এনটি$৭০ বিলিয়ন থেকে এনটি$৮০ বিলিয়ন নিউ তাইওয়ান ডলার রাজস্ব আদায় হবে বলে আশা করছে। যার একই সময়ে গত বছরের তুলনায় ৪১% থেকে ৪৮% কম।

বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এইচটিসি জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ৫৮ শতাংশ কমে গিয়েছে। এর আগে বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছিল ৭০ শতাংশ। এ ছাড়া গত বছরের শেষ প্রান্তিকে কমেছিল ২৬ শতাংশ।
গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে নতুন আকর্ষণীয় হ্যান্ডসেট নির্মাণই এইচটিসির মূল বৈশিষ্ট্য। কিন্তু বর্তমানে স্যামস্যাং এবং অ্যাপলের দৌরাত্ম্যে এইচটিসি বিশ্ব বাজারে পিছিয়ে পড়েছে। সম্প্রতি বাজারে আনা ‘এইচটিসি ওয়ান’ নিয়ে প্রতিষ্ঠানটি স্মার্টফোনের বাজার দখল করতে চেয়েছিল। কিন্তু একই সময় বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি আসায় খুব একটা ভালো করতে পারেনি এইচটিসি।
তবে প্রতিষ্ঠানটি নিয়ে আশাবাদী এর কর্মকর্তারা। ২০০৬ সালে যাত্রা করা এইচটিসির প্রধান অর্থ নির্বাহী চ্যাং চিয়া-লিন বলেন, ‘এ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং ক্রেতাদের আকৃষ্ট করতে হলে আরও পরিশ্রমী হতে হবে। এইচটিসির জন্য যুক্তরাষ্ট্র খুবই প্রয়োজনীয় একটি বাজার। আমাদের উন্নত ব্যবসার জন্য চীনের বাজার দখল খুবই জরুরি।’
প্রতিষ্ঠানটি তার ব্র্যান্ড মূল্য বাড়ানোর চিন্তা করছে। আর তাই উদ্ভাবন মূলক পণ্য এবং মোবাইল অপারেটরদের সাথে শক্তিশালী বন্ধুত্ব গড়ে তোলার কথা বলে চ্যাং। এছাড়া ভোক্তাদের আরো কাছে পৌঁছানোর জন্য বিপণন ব্যবস্থা, খুচরা বিক্রেতা এবং বিক্রয় ব্যবস্থার দিকে নজর দেবার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ায় তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ সকল অঞ্চলে এইচটিসির বাজার শেয়ার অত্যন্ত কম ছিল বলে উল্লেখ করে চ্যাং যে সকল বাজার বৃদ্ধি পাচ্ছে সে সকল অঞ্চলের দিকে মনোযোগ দেবার কথা বলেন।













