সারফেস নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অ্যাসার

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট তার সারফেস নামক ট্যাবলেট বের করার ঘোষণা দেবার পর থেকেই মাথা গরম হয়ে গিয়েছে তাইওয়ান ভিত্তিক সস্তা কম্পিউটার নির্মাতা হিসেবে পরিচিত অ্যাসার কর্তৃপক্ষের। ঘোষণার পর থেকেই মাইক্রোসফটের হার্ডওয়্যার নির্মাণ প্রচেষ্টার ঘোরতর বিরোধী হয়ে উঠেছে তারা। সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেটি ওয়াং মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট আগামী অক্টোবরে বাজার এলে তা বিশ্বব্যাপী উইন্ডোজ ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় ট্যাবলেটের বাজারে সারফেস এলে তা অ্যাসারের আইকনিয়া অথবা হিউলেট প্যাকার্ডের টাচপ্যাডের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে উল্লেখ করেন তিনি।

"আমরা তাদেরকে আরেকবার ভেবে দেখতে অনুরোধ জানাচ্ছি। দুইবার ভাবুন। এর ফলে ইকোসিস্টেমে বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য ব্র্যান্ডগুলো হয়তো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা এমন একটা ব্যাপার যেখানে আপনারা ভালো নন আর তাই দয়া করে দ্বিতীয়বারের মত ভাবুন।"

গত দুই দশক ধরে মাইক্রোসফট এবং পারসোনাল কম্পিউটার নির্মাতাদের মধ্যে একধরণের সিম্বোলিক সম্পর্ক বিরাজ করেছে।

অ্যাসারের পারসোনাল কম্পিউটার গ্লোবাল অপারেশন এর প্রেসিডেন্ট ক্যাম্পবেল কান জানিয়েছেন প্রতিষ্ঠানটি সারফেস বাজারে আসলে কী করবে তা নিয়ে আভ্যন্তরীণ ভাবে আলোচনা করছে।

সবশেষে তিনি বলেন, ‘মাইক্রোসফট যদি হার্ডওয়্যার ব্যবসায় নামে তাহলে আমাদের কী হবে? আমরা কি মাইক্রোসফটের ওপর ভরসা রাখব, নাকি বিকল্প খুঁজে নিব?’

তবে মজার বিষয় হচ্ছে অ্যাসার ছাড়া অন্যকোন প্রতিষ্ঠান মাইক্রোসফটের এই সিদ্ধান্ত সম্পর্কে বিরোধিতা বা মতামত প্রকাশ করেনি। স্যামসাং, ডেল, এইচপি, লেনোভো সহ আরো অনেক প্রতিষ্ঠান উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেট নিয়ে কাজ করছে এবং অক্টোবর মাসে নতুন ওএস এর সাথে উন্মোচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গিয়েছে।