বাংলালায়ন ও এস এস এল ওয়্যারলেস চুক্তিবদ্ধ

PriyoTech's picture

(প্রিয় টেক) ওয়েব পোর্টাল এর মাধ্যমে গ্রাহকদের প্রিপেইড এবং পোস্ট পেইড কার্ড এর সেবা প্রদান করতে বাংলালায়ন দেশের অন্যতম ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এস এস এল ওয়্যারলেসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উভয়পক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই সেবা ব্যাংক ডেবিট/ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য সহজ ও নতুন সুবিধা নিয়ে আসবে যারা বাংলালায়নের সেবা উপভোগ করে আসছে। এছাড়াও, বাংলাদেশে অনলাইন রিচার্জ সেবার ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদচারনা।

এই চুক্তির ফলশ্রুতিতে বাংলালায়ন গ্রাহকগন www.easy.com.bd থেকে অতি সহজেই প্রিপেইড কার্ড বা পোস্টপেইড কার্ড অনলাইনে ক্রয় করতে পারবেন। গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টারকার্ড এবং ডেবিট কার্ড যেমন ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম কার্ড ইত্যাদি নিরাপদ ভাবে ব্যবহার করে স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারবেন। গ্রাহক অনলাইনে পেমেন্ট করার পর একটি ইমেইল ইনভয়েস এর মাধ্যমে কার্ডের সিরিয়াল নাম্বার এবং পিন পেয়ে যাবে। এখানে উল্লেখযোগ্য যে, বাংলালায়নের অন্তর্ভুক্তির মাধ্যমে এস এস এল দেশের সকল ওয়াইম্যাক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে অনলাইন রিচার্জ সেবার আওতায় নিয়ে এলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালায়নের পক্ষে বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল গ্রাহাম এবং এস এস এল ওয়্যারলেসের পক্ষে এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামাল চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও বাংলালায়নের পক্ষে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন হেড অব টাওয়ার বিল্ডারস লেফটেলন্যান্ট কর্ণেল শাহীর এবং সিটিও রায়ান গ্যাথলিংক। অপরদিকে এস এস এল ওয়্যারলেসের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট জুবায়ের হোসেন এবং স্পেশালিস্ট ই-বিজনেস মাহবুব-উর-রশিদ খান।

সংবাদ বিজ্ঞপ্তি