মাত্র ছয় সপ্তাহের মাথায় ওলো ছাড়লেন সিইও আব্দুর রব

PriyoTech's picture

(প্রিয় টেক) দায়িত্ব নেয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় ফিক্সড ওয়াইম্যাক্স কোম্পানি ওলো থেকে পদত্যাগ করলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আব্দুর রব। প্রিয়.কম-কে বিভিন্ন সূত্র একথা নিশ্চিত করেছে। এতো কম সময়ে কেন এমন বড় একটি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এমন প্রশ্নের জবাবে জনাব রব বলেন, "এমন কিছু বিষয় রয়েছে যা আমি এখন মন্তব্য করতে পারবো না।"

তবে ভিন্ন একটি সূত্রে জানা গিয়েছে যে, ওলো'র ওয়াইম্যাক্স লাইসেন্স নিয়ে বেশ একটি জটিলতা রয়েছে। তারা মাত্র ১ কোটি টাকায় ফিক্সড ওয়াইম্যাক্স সেবার লাইসেন্স গ্রহণ করে। এবং এই ধরনের লাইসেন্সের জন্য কোনও রকম স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। অপর দুই প্রতিদ্বন্দ্বী বাংলালায়ন এবং কিউবী বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চাপাচাপি করেও কোনও সুরাহা করতে পারেনি।

এর একটি বড় কারণ হিসেবে শোনা যাচ্ছে যে, ওলোর পেছনে রাশিয়ান কোম্পানি মাল্টিনেট-এর বিনিয়োগ থাকলেও এর মালিকানায় আরো শক্তিশালী কেউ রয়েছেন। যে কারণে কেউ এটা নিয়ে কোনও কথা বলছে না। কিংবা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো আদালতের শরণাপন্ন হয়েও খুব একটা তোরজোড় করছে না।

এসব অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে চাননি জনাব আব্দুর রব। এবং যেটুকু জানা গেছে, আগামী কিছুদিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন।

উল্লেখ্য যে, জনাব রব মাত্র ছয় সপ্তাহ আগে ওলো'র সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশে আসার আগে তিনি যুক্তরাষ্ট্রে বিখ্যাত চিপ নির্মাতা ইন্টেলে দীর্ঘদিন কাজ করেন। এবং বাংলাদেশে অবস্থান কালে হিউলেট-প্যাকার্ডের কান্ট্রি প্রধান, এবং ব্র্যাক নেট-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।