টিভি অনুষ্ঠান সম্প্রচারে বেতার তরঙ্গ ব্যবহার না করে ইন্টারনেট ব্যবহার করার পরামর্শ

(প্রিয় টেক) মোবাইলের জন্য আরো বেশি তরঙ্গ উন্মুক্ত করে দেবার জন্য যুক্তরাজ্যের হাউজ অফ লর্ডস এর যোগাযোগ কমিটি সকল টেলিভিশন সম্প্রচারকে ইন্টারনেট ভিত্তির হবার জন্য পরামর্শ দিয়েছে। ইন্টারনেট অবকাঠামো সম্পর্কিত এক প্রতিবেদনে এই পরামর্শ প্রদান করে হাউজ অব লর্ডস।

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সরকারকে সরকারী এবং বেসরকারি সকল সম্প্রচারককে যেন ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচার করতে পারে তার পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিয়েছে। তবে এর জন্য দেশের ব্রডব্যান্ড নেটওয়ার্ক আরো ভালো করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তারা। প্রতিবেদনে সরকারের ব্রডব্যান্ড নীতিতে ভুল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং এর মাধ্যমে দেশে ডিজিটাল বিভাজনের মাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধান প্রধান ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিটি, টকটক, স্কাই এবং ভার্জিন মিডিয়া ইতোমধ্যে টেলিভিশন এর সাথে ইন্টারনেট যুক্ত করার কাজ করছে। প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে তাদের গ্রাহকদেরকে দিচ্ছে চাহিবা মাত্র ভিডিও বা টিভি অনুষ্ঠান দেখার সুবিধা।
প্রতিবেদনে কমিটি বেতার তরঙ্গকে মোবাইলের জন্য বেশি উপযোগী এবং টিভির জন্য ব্যবহারকে অপব্যয়ের সাথে তুলনা করেছে। তাদের মতে ব্রডব্যান্ড সংযোগ একসময় প্রতিটি মানুষের জন্য সার্বজনীন অধিকার হিসেবে বিবেচিত হবে।
তবে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করতে হলে কমপক্ষে ৩ মেগাবিট এর সংযোগ প্রয়োজন। কিন্তু দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে দেশটির বাসাবাড়ি গুলোর গড় গতি মাত্র ২ মেগাবিট। আর তাই সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক টিভি চালু করলে অনেকেই এ সেবা থেকে বঞ্চিত হবে। দেশটির সরকার ২০১৫ সালের মধ্যে ৯০% দেশবাসী ২৪ মেগাবিট গতি আর সকলের জন্য ২ মেগাবিট সংযোগ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
দেশটির অন্যতম টেলিযোগাযোগ সংস্থা ব্রিটিশ টেলিকম বা বিটি বর্তমানে রেকর্ড সংখ্যক বাসাকে ফাইবারের আওতায় এনেছে। কিন্তু সমস্যা হচ্ছে বিটি তার ফাইবার শুধুমাত্র রাস্তার কেবিনেট পর্যন্ত নিয়ে যাচ্ছে, বাসা পর্যন্ত নয়। এই কেবিনেট থেকে প্রতিটি বাসায় যে সংযোগ গিয়েছে তা অতি পুরনো এবং আবহাওয়া সংবেদনশীল কপার তারের তৈরি হবার কারণে গতি অনেকটাই স্তিমিত হয়ে যাচ্ছে। আর যে সকল গ্রাহক ফাইবার চাইছেন তাদেরকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।
আর তাই কমিটি সরকারের এই প্রচেষ্টায় ভুল রয়েছে বলে উল্লেখ করেছে এবং যে সকল স্থানে বিটি এখনো তার সংযোগ পৌছাতে পারেনি সেই স্থানগুলোতে বেশ কিছু "হাবে"র মাধ্যমে নিজেরাই যেন নেটওয়ার্ক তৈরি করে নিতে পারে সে ব্যাপারে সহায়তা প্রদানের কথা উল্লেখ করে। পরবর্তীতে এই হাবগুলোর সাথে বিটি ফাইবার সংযোগ প্রদান করবে এবং সরকার দেশব্যাপী যে রোল আউট এর পরিকল্পনা নিয়ে তা তরান্বিত হবে বলে মনে করছে কমিটি।










