ওরাকল এবার কিনে নিল নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কোম্পানি সিগো

এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা ওরাকল ভার্চুয়াল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিগোকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি এ ব্যাপারে তাদের মধ্যে চুক্তি হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে ওরাকল।

সিগো (Xsigo= pronounced as see-go) ওরাকল এর গ্রাহকদেরকে অনলাইন পরিসেবা দিবে বলে জানায়। তবে এই চুক্তির শর্ত সম্পর্কে কিছু জানা যায়নি।
সিগো একটি নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কোম্পানি। প্রতিষ্ঠানটি এর প্রযুক্তি নেটওয়ার্কিং এর জন্য ভার্চুয়াল পুল তৈরি করে, গ্রাহকদের প্রয়োজন অনুসারে কম্পিউটিং এর জন্য অনলাইন রিসোর্স সেবা দেয়। মোট কথা তারা নেটওয়ার্কিং এর জন্য ক্লাউড সার্ভিস দিয়ে থাকে।
১৯৯৪ সাল থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদেরকে বিভিন্ন অনলাইন সেবা দিয়ে আসছিল। এমনটি শোনা যাচ্ছিল যে কোম্পানিটি কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় ওরাকল তাদের মধ্যকার চুক্তির কথা জানায়।
ওরাকল তার ভি.এম সার্ভার ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির সাথে সিগোর উদ্ভাবনকে একত্রিত করার মাধ্যমে তাদের সেবার মানকে আরও উন্নত করবে বলে জানিয়েছে।
ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ওরাকল ভার্চুয়ালাইজেশন উপর বেশি জোর দেয়, যেখানে সিগো পারফরমেন্স ও খরচ কমানোর কথা বেশি ভাবে। কাজেই এই দুয়ের সমন্বয়ে কম খরচে আরও চমৎকার ক্লাউড কম্পিউটিং সেবা গ্রাহকরা পেতে পারে।
এ বছর ওরাকল ক্ষিপ্রগতিতে পাবলিক ক্লাউড সার্ভিসে আধিপত্য করার প্রয়াস চালায়। সিগো এর সাথে এই চুক্তির ফলে তাদের প্রচেষ্টা তাদেরকে অনেকাংশে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে কোম্পানিটির প্রতিনিধি জানায়।
এছাড়াও এই মাসের শুরুর দিকে ওরাকল সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযুক্তি, রিয়েল এস্টেট ব্যবস্থাপনা সফটওয়্যার তৈরিকারী কোম্পানি, ক্লাউড ভিত্তিক ট্যালেন্ট ব্যবস্থাপনা কোম্পানি টেলিও কর্পোরেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি ভারতু সহ আরও কয়েকটি কোম্পানি কিনে নেয়।













