দ্বিতীয়বারের মত নোকিয়াকে টপকে বিশ্বের বৃহত্তম মোবাইল বিক্রেতা হল স্যামসাং

PriyoTech's picture

(প্রিয় টেক) দ্বিতীয় প্রান্তিকেও বিশ্বের বৃহত্তম মোবাইল বিক্রেতার শিরোপাটি নিজের দখলে রাখতে সক্ষম হল কোরিয়ার বিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। খবর ব্লুমবার্গ। এ বছরের শুরুতে নোকিয়াকে পেছনে ফেলে মোবাইলফোন বিক্রির হিসাবে শীর্ষে উঠে আসে স্যামসাং। এর আগে টানা ১৪ বছর এ খাতে শীর্ষে ছিল ফিনল্যান্ড ভিত্তিক নোকিয়া।


নোকিয়া লুমিয়া ৯০০ এবং স্যামসাং গ্যালাক্সি এস থ্রি

শুধু দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৯৩ মিলিয়ন ফোন বাজারজাত করেছে যা গত বছরের তুলনায় ২৬% বেশি। এক ইমেইল বার্তার মাধ্যমে ব্লুমবার্গকে জানিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স এর গবেষকেরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে এর মাধ্যমে স্যামসাং বর্তমানে বিশ্ববাজারের ২৫.৭% স্থান দখল করে রেখেছে।

অ্যাপলকে টেক্কা দিয়ে $২১৯ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন বাজারের শীর্ষস্থানটিও দখল করে রেখেছে এশিয়ার সর্ববৃহৎ বৈদ্যুতিক ভোক্তা-পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। আর হ্যান্ডসেট বাজারের এর আধিপত্য আরো বিস্তারের জন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন সংস্করণের গ্যালাক্সি ফোন।

বিশ্লেষক প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে নোকিয়া ৮৩.৭ মিলিয়ন ফোন বিক্রয় করে, যা গত বছর অপেক্ষা ৫.৪% কম।

বর্তমানে নোকিয়া বাজারের ২৩.৭% স্থান দখল করে রেখেছে। অ্যাপল ৭.২% এবং চীনা নির্মাতা জেডটিই ৪.৬% দখল করার মধ্যে দিয়ে চতুর্থ স্থানটি দখল করেছে।