মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিনিয়োগ করতে পারে অ্যাপল

PriyoTech's picture

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ ক্ষেত্রে পদধূলি দিতে চলেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কৌশলগত বিনিয়োগ করার ব্যাপারে আলোচনা করে আসছে বলে খবর প্রকাশ করেছে দি নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির মতে, আইফোন ও আইপ্যাড বিক্রি করে দারুণ সফলতা পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো স্থান নেই। যা বর্তমানে ইন্টারনেট এবং মোবাইলে সবচেয়ে আলোচিত বিষয়। ইন্টারনেট ব্যবহারকারীরা কোথায় ও কীভাবে তাদের অর্থ খরচ করবেন তা প্রভাবিত করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমের ভূমিকা অনস্বিকার্য। আর অ্যাপল যেহেতু অ্যাপ্লিকেশন, গেমস, মিউজিক এবং মুভি বিক্রয় করে সেহেতু বিষয়টা তার কাছে হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয়টি বিবেচনা করে অ্যাপল টুইটারে টুইটারে শত মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে যার মাধ্যমে টুইটারের বাজার দর $৮.৪ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে $১০ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

প্রতিষ্ঠান দুটোর আলোচনারত অবস্থায় না থাকার কারণে তারা যে চুক্তি আবদ্ধ হবে এমন কোন নিশ্চয়তা প্রদান করছে না দি নিউ ইয়র্ক টাইমস। তবে প্রাথমিক আলোচনা লক্ষ্য করে পত্রিকাটি ধরে নিয়েছে এই দুইজনের মাঝে গভীর বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। ধরে নেয়া যাচ্ছে গুগল এবং ফেসবুকের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বীতার কারণে এই বন্ধুত্বের সম্পর্ক গড়তে আগ্রহী হয়ে উঠেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কোনোটির সঙ্গে গভীর সম্পর্ক নেই অ্যাপলের। অ্যাপলের মিউজিক সাইট পিংয়ে ফেসবুক সুবিধা প্রদান সংক্রান্ত একটি চুক্তি ভেঙ্গে গেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সামান্য দ্বন্দ্ব তৈরি হয়। এ দিকে ফেসবুকে অন্যতম প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বিনিয়োগ থাকায় তাদের লক্ষ্য কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক একটি সম্মেলনে জানান, ‘অ্যাপলের মালিকানায় সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার দরকার নেই। তবে অ্যাপলের সামাজিক হওয়া দরকার।’

অ্যাপল ও টুইটার এর মধ্যেই কিছু বিষয় নিয়ে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ট্যাবলেটে টুইটারের কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। তা ছাড়া টুইটারও অ্যাপলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে।

অ্যাপলের পক্ষে টুইটারে বিনিয়োগ করা কষ্টসাধ্য কোনো বিষয় হবে না। কারণ অ্যাপলের কাছে বর্তমাএ $১১৭ বিলিয়ন ডলার নগদ অর্থ জমা রয়েছে। শুক্রবার তারা $৩৫৬ মিলিয়ন ডলারের বিনিময়ে অথেনটেক নামক নিরাপত্তা প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। তবে বিনিয়োগের সিদ্ধান্তটি অ্যাপলের জন্য বিস্ময়কর হবে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদকের মতে এ ধরণের ছোট প্রারম্ভিক প্রতিষ্ঠান অধিগ্রহণ করাটাই অ্যাপলের অতীত ইতিহাস।

অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে টুইটার। বর্তমানে মাইক্রো ব্লগিং সাইটটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৪০ মিলিয়ন। অ্যাপলের বিনিয়োগ না থাকলেও, টুইটার যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। এ বছরের শুরুতে টুইটারপ্রধান ডিক কস্টোলো প্রতিষ্ঠানটির প্রচুর নগদ অর্থ থাকার কথা জানিয়েছেন। এছাড়া কয়েক বছরের মধ্যে শেয়ারবাজারেও প্রবেশ করতে পারে প্রতিষ্ঠানটি বলে অনেকে মনে করেন।

সম্ভাব্য বিনিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হলে দুই প্রতিষ্ঠানের মুখপাত্রই মন্তব্য করতে অস্বীকৃতি জানান।