মটোরোলা-মাইক্রোসফট পেটেন্ট মামলায় মাইক্রোসফটের জয়

PriyoTech's picture

(প্রিয় টেক) গুগলের সাথে পেটেন্ট যুদ্ধে তৃতীয় বারের মত জয় লাভ করলো মাইক্রোসফট। গুগলের অঙ্গ সংস্থা মটোরোলা মোবিলিটির তৈরি অ্যানড্রয়েড ডিভাইস মাইক্রোসফটের "ফাইল অ্যালোকেশন টেবল" (ফ্যাট) সংক্রান্ত ইপি০৬১৮৫৪০ নামক পেটেন্টটি ভঙ্গ করেছে বলে রায় দিয়েছে জার্মান আদালত।

পেটেন্টটি ফ্যাট সিস্টেমে লম্বা এবং সংক্ষিপ্ত ফাইল নামের ক্ষেত্রে কমন নেম স্পেস সংরক্ষণ সংক্রান্ত। মটোরোলাও অবশ্য এ যুদ্ধে পিছিয়ে নেই। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক্সবক্স ৩৬০ নিষিদ্ধ করার চেষ্টা করলেও তা আপাতত স্থগিত রয়েছে।

মামলার রায়ের পর মটোরোলা বা গুগল এখনো কোন বিবৃতি প্রদান করেনি। প্রতিষ্ঠানটির সামনে এখন আপিল করা, মাইক্রোসফটের কাছ থেকে লাইসেন্স নেয়া অথবা স্টোরেজ সিস্টেমে পরিবর্তন সাধন করার পথগুলো খোলা রয়েছে।

রায়ে মাইক্রোসফট ইনজাংকশন জারী, পেটেন্ট ভঙ্গকারী পণ্য ফেরত এবং ক্ষতিপূরণ সহ একাধিক প্রতিবিধান পেয়েছে। তবে মাইক্রোসফট যদি ইনজাংকশন জারী করতে চায় তাহলে ১০ মিলিয়ন ইউরো জমা দিতে হবে বলে জানা গিয়েছে।

এক বিবৃতির মাধ্যমে মাইক্রোসফট জানিয়েছে, "আজকের সিদ্ধান্ত, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির আদালতের অনুরূপ, মটোরোলা মোবিলিটি যে মাইক্রোসফটের পেটেন্ট ভঙ্গ করেছে তার অধিকতর প্রমাণ। আমরা মটোরোলা মোবিলিটির পণ্যের বিরুদ্ধে উক্ত দেশগুলোতে নিষেধাজ্ঞা বলবত রাখার ব্যাপারে সচেষ্ট থাকবো, তবে আমরা আশা করছি অন্য অ্যানড্রয়েড ডিভাইস নির্মাতাদের মত মটোরোলাও মাইক্রোসফটের উদ্ভাবন প্রযুক্তির পেটেন্ট লাইসেন্স করিয়ে নিবে এবং অন্যদের সাথে যুক্ত হবে।"