শপরানারের দায়িত্বভার গ্রহণ করলেন স্কট থম্পসন

PriyoTech's picture

(প্রিয় টেক) ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র ২ মাস পরেই আবারও প্রযুক্তি বিশ্বে ফিরলেন স্কট থম্পসন। ই-কমার্স সাইট শপরানারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জীবনবৃত্তান্ত শিক্ষাগত ভুল তথ্য দেয়ার কারণে ইয়াহুর প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।

ইয়াহুতে যোগ দেওয়ার আগে স্কট থম্পসন ইবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২২ মাস আগে চালু হওয়া শপরানারের প্রধান নির্বাহী হিসেবে তিনি মাইক গোল্ডেনের স্থলাভিষিক্ত হবেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে থম্পসন জানিয়েছেন, শপরানারের ব্যবসা প্রসারের লক্ষে কাজ করবেন তিনি। মৌলিকভাবে পেপ্যাল ও শপরানার ভিন্ন হলেও কোম্পানি দুটির লক্ষ্য একই। ব্যবসা প্রসারের লক্ষ্যে বৃহৎ ও বিশ্বস্ত ক্রেতা তৈরিই মূল উদ্দেশ্য।

শপরানারের প্রধান শেয়ারহোল্ডার ও কাইনেটের প্রধান নির্বাহী মাইকেল রবিন থম্পসনকে স্বাগত জানিয়ে বলেন, ‘থম্পসনকে আমাদের ব্যবসায় নিয়োগের এটাই উপযুক্ত সময়।’

শপিং সাইট থেকে কোন কিছু কেনার পর তা দ্রুত আপনার কাছে পৌঁছে দেবার দায়িত্ব পালন করে শপরানার। তবে এর জন্য গ্রাহককে অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানের সদস্য হতে হয়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা শপরানারের এই পদক্ষেপটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে অভিহিত করেছে। বিজনেস ইনসাইডারের নিকোলাস কার্লসন তার প্রতিবেদনে বলেন, "জীবন বৃত্তান্তে ভুল তথ্য থাকায় তার সম্পর্কে ইয়াহু কর্মীদের মধ্যে অনাস্থা সৃষ্টি হলেও তিনি একজন দক্ষ ব্যবস্থাপক এবং দ্বিতীয় সুযোগ তার পাওয়া উচিত।"