দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং অ্যাপলের দ্বিগুণ পরিমাণ স্মার্টফোন বাজারজাত করেছে

(প্রিয় টেক) মার্কেট গবেষণামূলক প্রতিষ্ঠান জুনিপার রিসার্চ এর মতে দ্বিতীয়-প্রান্তিকে স্যামসাং অ্যাপলের দ্বিগুণ পরিমাণ স্মার্টফোন শিপমেন্ট করেছে। আজ এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং যেখানে বিশ্বব্যাপী ৫২.১ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে সেখানে অ্যাপল পাঠিয়েছে ২৬ মিলিয়ন ইউনিট।

জুনিপারের হিসেবে নোকিয়া বিশ্বব্যাপী ১০.২ মিলিয়ন আর ব্ল্যাকবেরি ৭.৪ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে।
তবে সাধারণার্থে 'শিপমেন্ট' বলতে কারখানা থেকে পরিবেশক বা খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছানোকে বোঝানো হয়ে থাকে। বিক্রি নয়। কিন্তু অ্যাপলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, অ্যাপলের শিপমেন্ট বোঝাতে বিক্রয় বোঝানো হয়। আর তাই অ্যাপলের ২৬ মিলিয়ন ইউনিট বলতে গ্রাহকের হাতে পৌঁছেছে বোঝানো হলেও স্যামসাংয়ের ক্ষেত্রে তা নাও হতে পারে।
গত কয়েক প্রান্তিকে প্রতিষ্ঠান দুটি একে অপরকে টেক্কা দিতে চেষ্টা করছে এবং কখনো অ্যাপল আবার কখনো স্যামসাং বাজারে প্রথম স্থানটি দখল করে রাখছে। গত বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ২৩.৬ মিলিয়ন স্মার্টফোন বাজার জাত করে প্রথম স্থানটি দখল করে, পরের প্রান্তিকে অ্যাপল বাজারের ২৫% দখল করার মাধ্যমে প্রথম স্থান দখল করলেও এ বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং আবার প্রথম স্থানটি দখল করে নেয়।
আর এই পাল্টাপাল্টি যুদ্ধ আদালত পর্যন্ত গিয়েছে। প্রতিষ্ঠান দুইটি বিশ্বের ১০টি দেশে পেটেন্ট যুদ্ধে লিপ্ত রয়েছে।
জুনিপারের হিসেবে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত প্রান্তিকে ১৩২.৯ মিলিয়ন স্মার্টফোন বাজারজাত করা হয়। যা একই প্রান্তিকে গত বছরের তুলনায় ২৭.৭ মিলিয়ন ইউনিট অধিক।

এদিকে আরেক বাজার পর্যালোচনাকারী প্রতিষ্টান আইডিসি জানিয়েছে দ্বিতীয় প্রান্তিকে মোট ফোন বিক্রয়ের পরিমাণ ৪০৬ মিলিয়ন। আর গত বছরের তুলনায় স্মার্টফোন বিক্রয়ের পরিমাণ ৪২% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। এ প্রতিষ্ঠানের হিসেবেও স্যামসাং জয় লাভ করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল।












