ভারতে ২ হাজার কর্মী ছাঁটাই করবে টেলিনর

(প্রিয় টেক) বাংলাদেশের পাশাপাশি ভারতেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নরওয়ের টেলিনর। প্রতিষ্ঠানটি তার মোট ১৭,৫০০ কর্মীর ১১ শতাংশ বা ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। টুজি তরঙ্গ নিলামের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি তার ব্যয় কমানো এবং সম্পদের বণ্টনের জন্য এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

যে দুই হাজার কর্মী ছাটাই করা হয়েছে তাদের মধ্যে ৪০০ জন ভারত ইউনিট (ইউনিনর) এর বিভিন্ন পদে আর বাকি ১৬০০ কর্মী প্রতিষ্ঠানটির পরিবেশক পর্যায়ে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাথে কাজ করছেন এমন উচ্চ পদস্থ কর্মকর্তা।
এছাড়া ভারতের চারটি অঞ্চল, তামিল নাড়ু, কেরালা, কর্ণাটক এবং উড়িষ্যায় প্রতিষ্ঠানটি তার বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে গুটিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। টেলিনর ভারতের সর্বমোট ১৩ টি অঞ্চল তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতো। প্রতিষ্ঠানটি এই চারটি অঞ্চলের ফান্ড প্রতিষ্ঠানটির লাভজনক হিসেবে বিবেচিত অঞ্চলগুলোর নেটওয়ার্ক উন্নয়নে ব্যবহার করবে। ভারতের টুজি তরঙ্গ বিক্রয় নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
টাইমস অব ইন্ডিয়ার কাছে এক চিঠিতে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট টড ওডল্যান্ড জানিয়েছেন, তামিল নাড়ু, কেরালা, কর্ণাটক এবং উড়িষ্যায় প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মী সংখ্যা ৪০০। এই অঞ্চলের কার্যক্রম ধীরে ধীরে গুটিয়ে আনার কারণে এই কর্মীদেরকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া, অথবা অন্য কোন প্রতিষ্ঠানে কাজ দেবার ক্ষেত্রে সহায়তা করা যায় কিনা তা পর্যালোচনা করে দেখছে।
ইতোপূর্বে প্রতিষ্ঠানটি ভারত ছাড়ার হুমকি দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি যদি তার ১৫০ বিলিয়ন রুপির বাজেটের মধ্যে থাকতে পারে তাহলেই শুধু টুজি তরঙ্গ নিলামে অংশ নিবে।









