লন্ডনে অ্যামাজনের সৃজনশীল কেন্দ্র

PriyoTech's picture

(প্রিয় টেক) ইন্টারনেটে খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত অ্যামাজন লন্ডনে সৃজনশীল কেন্দ্র খুলতে চলেছে। এই কেন্দ্রে শত শত সফটওয়্যার ডেভেলপার এবং প্রকৌশলী কাজ করবে। লন্ডনের "সিলিকন রাউন্ডঅ্যাবাউট" এলাকায় অবস্থিত নতুন কার্যালয়ে মূলত "পরবর্তী প্রজন্মের টেলিভিশন ও চলচ্চিত্র সেবা" জাতীয় বিষয়ে কাজ হবে বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে।

লন্ডনের মেয়র বরিস জনসন অ্যামাজনের এই সিদ্ধান্ত নেয়ায় আনন্দ প্রকাশ করেন এবং জানান, "আমরা জানি আমাদের মেধা রয়েছে, ডিজিটাল অর্থনীতি তৈরি করার মত স্থান এবং অবকাঠামো রয়েছে - আরো বেশি প্রতিষ্ঠানকে আমাদের এই রাজধানীতে নিয়ে আসার প্রচেষ্টা আমার সব সময় থাকবে, যার মাধ্যমে আমি লন্ডন বাসীদেরকে দিব আরো চাকুরী এবং বৃদ্ধি।"

সিলিকন রাউন্ডঅ্যাবাউট এলাকাটি বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকা ঘিরে গড়ে উঠেছে। স্থানটি যুক্তরাজ্যের টেক সিটি প্রকল্পের কেন্দ্রে অবস্থিত। রাজধানীতে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার জন্য এই প্রকল্পটি ডিজাইন করা হয়েছে।

অ্যামাজন জানিয়েছে প্রতিষ্ঠানটি তার লন্ডন কার্যালয়ে বিভিন্ন অবকাঠামোর স্মার্টফোন এবং গেমস কনসোলের জন্য ইন্টারঅ্যাকটিভ পরিসেবা ডেভেলপ করবে।

আটতলাবিশিষ্ট ভবনটিতে অ্যামাজনের পুরনো কর্মীরা কাজ করবেন বলে জানা গিয়েছে। তবে নতুন কর্মীও নিয়োগ করা হতে পারে বলে জানিয়েছে অ্যামাজন।

অ্যামাজনের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান পুশবাটন ও লাভফিল্মের কার্যালয়ও এখানে হবে। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন কার্যালয়টির উদ্বোধন করা হবে। অ্যামাজনের মুখপাত্র পলা বায়ার্ন বলেন, "লন্ডন হচ্ছে প্রযুক্তি মেধাবী দিয়ে ভরা একটি স্থান আর এর সাক্ষাৎ প্রমাণ হিসেবে অ্যামাজন এই রাজধানীকে তাদের নতুন গ্লোবাল ডিজিটাল মিডিয়া ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে বেছে নিয়েছে।"