স্ক্যালাডো অধিগ্রহণ: লাইট্রোর মত ক্যামেরা প্রযুক্তি তৈরি করার ইচ্ছা নোকিয়ার

(প্রিয় টেক) ইমেজিং বিশেষজ্ঞ স্ক্যালাডোর কাছ থেকে প্রযুক্তি এবং তার দক্ষ কর্মীদেরকে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে নোকিয়া। এর মধ্যে দিয়ে ভবিষ্যতের নোকিয়া স্মার্টফোনগুলোতে আগামী প্রযুক্তির ক্যামেরা ফাংশনালিটি যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। চুক্তি অনুযায়ী স্ক্যালাডোর প্রযুক্তি, ডেভেলপার এবং মেধাসত্ত্ব নোকিয়ার হলেও বর্তমান চুক্তি অনুযায়ী অন্যান্য সংস্থার কাছে সফটওয়্যার সহায়তা প্রদান করবে।

স্ক্যালাডোর বর্তমানে ব্ল্যাকবেরি ১০ এর কম্পোজিট ফটো সিস্টেম সফটওয়্যারটি সরবরাহ করে।
স্ক্যালাডো নিয়ে নোকিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সম্পর্কে কোন কথাই প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। নোকিয়ার ব্লগে সফটওয়্যার ব্যবস্থাপনা বিভাগে ভাইস প্রেসিডেন্ট সামুলি হ্যানিনেন এর জানিয়েছেন, "ইমেজিং আরেকটি বিশাল বিপ্লবের মধ্যে দিয়ে যেতে চলেছে"। ধারণা করা হচ্ছে উন্নয়নের পরবর্তী পর্যায় হিসেবে কাজ করবে স্ক্যালাডো।
তিনি তার ব্লগে উদাহরণ হিসেবে ফোনের মাধ্যমে উত্তোলিত ছবিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে পারিপার্শ্বিক তথ্য সংযোজন করার কথা উল্লেখ করেন। তার মতে মোবাইল ফোন উত্তোলিত ছবিটির কে, কি, কোথায়, এবং কখন এই তথ্যগুলো বুঝতে সক্ষম হবে এবং সেই তথ্য বুদ্ধির সাথে ব্যবহার করতে পারবে।
এদিকে হ্যানিনেন লাইট্রো ক্যামেরার ন্যায় ছবি তোলার পর কম্পোজিশন পরিবর্তনের সিস্টেম (নিচের ছবিতে দেখুন) সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি বলেন, "আপনার তোলা ছবিগুলোতে এত বেশি তথ্য থাকবে যে আপনি তা ব্যবহার করে সম্পূর্ণ নতুন একটি ছবি তৈরি করতে পারবেন, অবশ্যই মূল ছবিটি নষ্ট না করে - ধরুন ছবির ফোকাস সূর্য ডোবার উপর নির্দিষ্ট করতে পারেন যা আগে আপনার বান্ধবীর পেছনে ঢাকা পরে ছিল।"














