এ প্রান্তিকে নোকিয়ার লোকসান $১.০১ বিলিয়ন মার্কিন ডলার

PriyoTech's picture

(প্রিয় টেক) এক সময় বিশ্বের এক নাম্বার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নোকিয়ার জন্য গত তিনটি মাস খুব আনন্দদায়ক ছিল বলে মনে হচ্ছে না। বিশ্বের বৃহৎ তিনটি ক্রেডিট রেটিং কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠানটির বন্ড “জাঙ্ক” হিসেবে বিবেচিত হওয়ায় এবং ফ্ল্যাগশিপ ফোন লুমিয়া’র মূল্য অত্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির জন্য দুঃস্বপ্ন বলেই বিবেচিত। আর এই সব দুর্ঘটনার ফলাফল লক্ষ্য করা গিয়েছে প্রতিষ্ঠানটির গত বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের লাভ লোকসান প্রতিবেদনে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালনা বাবদ ক্ষতির পরিমাণ $১.০১ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের পূর্বাভাসের দ্বিগুণ। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ গত প্রান্তিক অপেক্ষা $০.৫ বিলিয়ন কমে গিয়ে $৯.২ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। তবে এর মাঝেও আনন্দের সংবাদ হল, একই সময় ৪ মিলিয়ন লুমিয়া হ্যান্ডসেট বিক্রয় করেছে নোকিয়া, যা গত প্রান্তিক অপেক্ষা দ্বিগুণ।

এছাড়া আশার মত সস্তা ফোনের কারণে প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট বিক্রয়ের পরিমাণ বেড়ে গিয়ে ৭৩ মিলিয়ন এসে দাঁড়িয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাপ ফেলতে চরম ভাবে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি, এ প্রান্তিকে মাত্র ৬ লক্ষ সেট যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রয় করে প্রতিষ্ঠানটি।

এদিকে প্রতিষ্ঠানটির নগদ অর্থও ধীরে ধীরে কমে আসছে, মাইক্রোসফটের কাছ থেকে $২৫০ মিলিয়ন ডলার পেলেও নোকিয়ার তহবিলে যেখানে প্রথম প্রান্তিকের $৬.৩ বিলিয়ন ডলার ছিল এখন সেখানে রয়েছে $৫.১ বিলিয়ন ডলার।