মানব বন্ধন কর্মসূচি পালন করছে গ্রামীণফোন কর্মীরা

PriyoTech's picture

(প্রিয় টেক) কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গ্রামীণফোন কর্মীরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে প্রতিষ্ঠানটির ছাঁটাইকৃত কর্মী, ছাঁটাইয়ের প্রক্রিয়াধীন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন বলে জানা গিয়েছে। মানব বন্ধনে আন্দোলনরত কর্মীরা পুরনো ৬ দফা দাবির সঙ্গে সুনির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব চেয়েছেন। আন্দোলনরত কর্মীরা লিখিত বক্তব্যে গণমাধ্যমের কাছে সেসব দাবি তুলে ধরেন।


ছবিঃ বাংলা নিউজ ২৪

দাবিগুলো হচ্ছে:

  • যে প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে তার অসাধারণ সব জনশক্তি দিয়ে দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে আবির্ভূত, সেই প্রতিষ্ঠানে হঠাৎ করে কেন এই মানবসম্পদ ছাঁটাই, ছাঁটাইকৃত কর্মীদের প্রস্তাবিত ক্ষতিপূরণ হিসাবে যে অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কর্মীদের সামাজিক, আর্থিক, মানসিক ক্ষতি এবং ছাঁটাই পরবর্তী অনিশ্চিত কর্মজীবনের অপূরণীয় ক্ষতির তুলনায় কতটুকু সামঞ্জস্যপূর্ণ?
  • গত বছর ১হাজার ৮০০ কোটি টাকার রেকর্ড পরিমাণ মুনাফা এবং চলতি বছরে এই পর্যন্ত ৮১% নেট লাভ করার পরও কেন কর্মীদের জোর করে ছাঁটাই করা হচ্ছে এবং গড়ে ৩% বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে?
  • গ্রামীণফোন কর্তৃপক্ষ কেন এই বিশাল ছাঁটাই প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের পূর্বানুমতি নেয়নি?
  • এ খাত থেকে সঞ্চিত বিপুল অর্থ কোন দেশে পাচার করা হবে?

অপরদিকে, কর্তৃপক্ষের অবৈধ ও অস্বচ্ছ ছাঁটাই প্রক্রিয়া বন্ধে জোরালো প্রতিবাদ জানাতে গ্রামীণফোন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন গঠনের পর এমপ্লয়িজ ইউনিয়ন করার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা।