অফিস ২০১৩ প্রাক প্রদর্শন: আউটলুক ২০১৩ এর ডিলিট বাগ

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট তার নতুন অফিস ২০১৩'র প্রাক প্রদর্শন সংস্করণ বের করার ঘোষণা দেয় ১৭ জুলাই। সময়ের সাথে তাল মিলিয়ে স্পর্শ পর্দা উপযোগী এবং ক্লাউড পরিসেবার সাথে সমন্বয় করতে যেন সে ব্যাপারে নজর দেয়া হয়েছে এই সংস্করণে। বেশ কিছু নতুন বৈশিষ্ট্য থাকায় অনেকেই আগ্রহী হয়ে ডাউনলোড করেছেন নতুন সংস্করণটি। আর ডাউনলোড করেই পরেছেন বিপদে। বেশ কিছু ব্যবহারকারী আউটলুক ১৩ ব্যবহার করতে গিয়ে লক্ষ্য করেন এম্পটি ডিলিটেড বাটনে ক্লিক করলে সবকিছু মুছে যাচ্ছে।

অভিযোগটি বর্তমানে মাইক্রোসফট ফোরামে প্রকাশিত হয়েছে। অভিযোগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ব্যবহারকারী যখন "এম্পটি দ্যা ডিলিটেড আইটেম ফোল্ডার পার্মানেন্টলি" এ ক্লিক করছে তখন মেইলবক্স থেকে সবকিছু মুছে যাচ্ছে। অর্থাৎ ব্যবহারকারী তার মেইল, কন্টাক্টস, টাস্ক এবং ক্যালেন্ডার এ থাকা তথ্য হারিয়ে ফেলছেন। এমনকি 'রিকোভার ডিলিটেড আইটেম' অপশন ব্যবহার করে তা উদ্ধার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীদের একজন।

যেহেতু সফটওয়্যারটি এখনো বেটা সংস্করণে রয়েছে সেহেতু এ ধরণের বাগ থাকা আশ্চর্যের বিষয় নয়, এ ধরণের বাগ যেন ধরা পরে সে কারনেই সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো বেটা সংস্করণ বিতরণ করে থাকে। যারা এ ধরণের সফটওয়্যার ব্যবহার করেন তাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি দপ্তর বা প্রয়োজনীয় তথ্য রয়েছে এমন পিসিতে এ ধরণের সফটওয়্যার ব্যবহার না করা।

বাংলাদেশের কেউ যদি ইতোমধ্যে মাইক্রোসফটের অফিস ২০১৩ ডাউনলোড করে থাকেন এবং মেইল ক্লায়েন্ট হিসেবে আউটলুক ব্যবহার করেন তাহলে এই বাগটি সম্পর্কে সাবধান হবার এবং মাইক্রোসফট কোন ফিক্স দিলে তা দ্রুত আপডেট করার অনুরোধ জানানো হলো।