বাংলায় কোরআন পাঠের নতুন যন্ত্র

(প্রিয় টেক) কলকাতার একটি সংস্থা বাংলাসহ কয়েকটি ভারতীয় ভাষায় কোরআনের অনুবাদ শোনার যন্ত্র তৈরি করেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। যন্ত্রটির সাহায্যে শ্রোতারা আয়াতের পাশাপাশি অনুবাদ এবং ব্যাখ্যাও শুনতে পারবেন। চীনা প্রযুক্তিতে তৈরি এই যন্ত্রটি রবিবার থেকে কোলকাতার বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এ সম্পর্কে যন্ত্রটির বাজারজাত কারক আব্দুল আজিজ ফারুকি বলেন, “যন্ত্রটি দেখতে অনেকটা স্থূলাকার কলম সাদৃশ্য। এটি আসলে একটি সেন্সর।''

ইকরা-এ-কোরআন নামের ব্যাটারিচালিত যন্ত্রটি চালু করার পরে বিশেষভাবে তৈরি একটি বুকমার্ক থেকে কোন ভাষা এবং ইমামের গলায় কোরআন শুনতে চান তা নির্ধারণ করার জন্য সেন্সর পেনটি ছুঁইয়ে দেবার মাধ্যমে ব্যবহারকারীরা বেছে নিতে পারবে বিশেষভাবে ছাপা পবিত্র কোরআনের যে কোনও একটি পাতা বা আয়াত। তারপরেই যন্ত্র নিজে থেকেই মূল আয়াত আর বেছে নেয়া ভাষায় আয়াতটির বা গোটা পাতার অনুবাদ শুনিয়ে দেবে বলে জানিয়েছেন আব্দুল আজিজ।
যন্ত্রটির সঙ্গে বিশেষভাবে ছাপানো কোরআনের পাশাপাশি থাকছে রেকর্ড করা তফসির বা ব্যাখ্যা। সেখানেও আপনি ভাষা আর পছন্দসই পাঠকের কণ্ঠ বেছে করে নিতে পারবেন।
হজ করতে গিয়ে আরবি না জানা থাকায় অসুবিধায় পড়তে হয় উপমহাদেশের অনেক মুসলিমকে। তাঁদের সুবিধার জন্য ফারুকি একটি ভ্রমণ অভিধান তৈরি করেছেন যেটি ঐ সেন্সর যন্ত্র দিয়েই ব্যবহার করা যাবে।
তিনি জানান, চীনের একটি কারখানায় প্রতি মাসে ৫০,০০০ যন্ত্র তৈরি করা হবে যা বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মুসলমানদের কাছে বিক্রি করা হবে। যন্ত্রটির মূল্য ভারতীয় টাকায় ৪৫০০ রুপি।













