এশিয়ার সাবমেরিন ক্যাবল প্রকল্পে বিনিয়োগ করলো ফেসবুক

PriyoTech's picture

(প্রিয় টেক) ১০ হাজার কিলোমিটার ব্যাপী এশিয়ার সমুদ্র তলদেশ ক্যাবল প্রকল্পে বিনিয়োগ করলো ফেসবুক। এ অঞ্চলের অধিবাসী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট গতি উন্নতি করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে এশিয়া প্যাসিফিক গেটওয়ে (এপিজি)।

ক্যাবলটি মালয়েশিয়া থেকে সরাসরি দক্ষিণ কোরিয়া হয়ে জাপান পর্যন্ত যাবে। এছাড়া শাখাবিন্যাসের মাধ্যমে অন্যান্য দেশগুলোর সাথে সংযোগ সৃষ্টি করা হবে।


মার্চ মাসে জাপানের প্রধান মন্ত্রী ইয়োশিকো নোদার সাথে
এক আলোচনায় যোগ দেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ

অঞ্চলটির ক্রমবর্ধমান বাজারে সদস্যের সংখ্যা আরো বৃদ্ধিতে উৎসাহী করার জন্য ফেসবুক এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, "দক্ষিণ এশিয়ায় আমাদের বৃদ্ধিকে সমর্থন করার ক্ষেত্রে এই ক্যাবল বিনিয়োগ অনেক সহায়তা করবে। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, হংকং এবং সিঙ্গাপুরের মত দেশগুলোর নাগরিকদের কাছে ফেসবুক আরো ভালো ব্যবহার অভিজ্ঞতা প্রদান করতে পারবে।"

ফেসবুক ঠিক কি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। তবে বাণিজ্যিক সংস্থাগুলো একত্রিত হয়ে প্রকল্পে জন্য সর্বমোট $৪৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন তিনি।

প্রকল্পের ফেসবুক ছাড়াও চায়না টেলিকম এবং চাইনা ইউনিকর্ন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। ফাইবার-অপটিকের মাধ্যমে উত্তর আমেরিকার সাথে দ্রুত তথ্য আদান প্রদান করা যাবে বলে জানিয়েছেন কনসোর্টিয়াম এর নেতা টাইম ডটকম।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাইফুল হুসনি বলেন, "ইন্টারনেটের প্রধান গেটওয়ে হিসেবে সিংগাপুরের উপর নির্ভরতা কমানোর জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।"

ওয়াল স্ট্রিট জার্নাল তার এক প্রতিবেদনে জানায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক এর বৃদ্ধি ধীরে ধীরে বেশ কমে আসছে। যা প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যের উপর বেশ প্রভাব বিস্তার করে। কিন্তু সে খবর ঢাকা পরে যায় যখন নিলসন সমীক্ষা তার প্রতিবেদনে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি এশিয়ার বাজারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করে।

প্রতিবেদন অনুযায়ী এক জাপানেই বছরের শুরু থেকে মে পর্যন্ত ফেসবুক এর ব্যবহার দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার বাজারেও এ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এছাড়া ভারত এবং ফিলিপাইনের ব্যবহারকারীরা বহুলভাবে ফেসবুক ব্যবহার করে এবং এই ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এশিয়ার ইন্টারনেট অবকাঠামো নির্মাণে ফেসবুক ছাড়া গুগল বিনিয়োগ করেছে। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগ সৃষ্টিকারী সমুদ্র তলদেশ ক্যাবল সিস্টেম 'ইউনিটি'তে $৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে।