ক্লাউড ভিত্তিক গেমিং পরিসেবা প্রদানকারী সংস্থা গাইকাইকে অধিগ্রহণ করবে সনি

(প্রিয় টেক) $৩৮০ মিলিয়ন ডলারের বিনিময়ে ক্লাউড ভিত্তিক গেম পরিসেবা গাইকাই-কে অধিগ্রহণ করার পরিকল্পনার কথা ঘোষণা করলো প্লেস্টেশন নির্মাতা সনি। গাইকাই গেমারদেরকে ওয়েবপেজ অথবা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন ডিভাইস ব্যবহার করে পিসি এবং কনসোল গেম খেলার সুবিধা প্রদান করে।

এই চুক্তির মাধ্যমে সনি তার গেমগুলো প্লেস্টেশন অথবা অন্য গেম কনসোল নেই এমন গেমারদের কাছে পৌঁছে দিতে পারবে। বিশেষ করে গাইকাই ইতোপূর্বে স্যামসাং এবং এলজি'র সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়। প্রতিষ্ঠানদুটির স্মার্টটিভি ব্যবহারকারীরা গাইকাই এর মাধ্যমে গেমিং সুবিধা গ্রহণ করে।
সনি গাইকাই অধিগ্রহণের মাধ্যমে নিজেকে ক্লাউড পরিসেবার অন্তর্ভুক্ত এবং নেটওয়ার্ক ব্যবসাকে বৃদ্ধি করার কাজে ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। অবশ্য সনির এই অধিগ্রহণ লক্ষ্য করে অনেকে মনে করছে প্রতিষ্ঠানটি তার আগামী প্রজন্মের কনসোল প্লেস্টেশন ফোরে ক্লাউড ভিত্তিক গেমিং সুবিধা প্রদান করবে। প্রতিষ্ঠানটির পরবর্তী কনসোলটি ডিস্ক-ফ্রি হতে পারে বলেও বাজারে গুজব রয়েছে।
সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট এর প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট অ্যানড্রু হাউজ বলেন, "গাইকাই এর প্রযুক্তি ও প্রকৌশল মেধা এবং সনির গেম প্ল্যাটফর্ম সম্পর্কে গভীর ধারণা ও অভিজ্ঞতা একত্রিত করার মাধ্যমে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট ভোক্তাকে দিবে ক্লাউড ভিত্তিক বিনোদনের এক অনন্য অভিজ্ঞতা।"

গাইকাইয়ের প্রধান নির্বাহী ডেভিড পেরি সনি এন্টারটেইনমেন্টকে গেম অবকাঠামো হিসেবে ক্লাউডের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করতে পারছে বলে সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেছেন।
২০০৮ সালে পেরি গাইয়াই প্রতিষ্ঠা করেন। একজন গেম বিশেষজ্ঞ হিসেবে পেরি ইন্ড্রাস্টিতে পরিচিত। প্রথম কোম্পানি তৈরি করেন ১৯৯৩ সালে, নাম ছিল শাইনি এন্টারটেনমেন্ট। এবং প্রতিষ্ঠানটির তৈরি করা প্রথম গেম "আর্থওয়ার্ম জিম" ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০০২ সালে ৪৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে শাইনি এন্টারটেনমেন্ট বিক্রি করেন আটারির কাছে।









