টেলিফোন ভবনে আগুন, ৩ হাজার সংযোগ বিচ্ছিন্ন

priyodesk's picture

(প্রিয় টেক) রাজধানীর শেরেবাংলা নগরের টেলিফোন ভবনে আগুন লাগার পর তিন হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার ভোরে টেলিফোন ভবনের নিচতলায় এমডিএফ কক্ষে আগুন লাগে। ফায়ারকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভালেও ওই সময় অন্তত ৮০ হাজার টেলিফোন সংযোগ বন্ধ হয়। তবে সকালে ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও দিনভর বিভিন্ন এলাকায় তিন হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকে।

বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে এমডিএফ কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় তিন হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবারের মধ্যে এ টেলিফোন সংযোগগুলো আবার চালু করা সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগি্নকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, গতকাল ভোর সোয়া ৫টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বিটিসিএলের বিতরণ লাইনে আগুন লাগে। এতে কেবল ও যন্ত্রাংশ পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন থেকে দেড় কোটি টাকার মালপত্র রক্ষা করেছে।

সৌজন্যেঃ সমকাল