২০১৬ সালে ৯০% লোক টেলিফোন এবং ৪০% লোক ইন্টারনেট ব্যবহার করবে

(প্রিয় টেক) আগামী ২০১৬-১৭ অর্থ বছরের শেষে দেশের ৯০ শতাংশ লোক টেলিফোন ব্যবহার করবে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারী হবে ৪০ শতাংশ। মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে প্রত্যাশার এই হিসেব তুলে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ২০১৬-১৭৭ অর্থ বছর পর্যন্ত মধ্যমেয়াদী বাজেট কাঠামোও উপস্থাপন করেন। এই বাজেট কাঠামোতে আগামী পাঁচটি অর্থ বছর শেষে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর হার কি দাঁড়াবে সে বিষয়ে বলা হয়েছে।
হিসেবে বলা হয়, শেষ হতে চলা ২০১১-১২ অর্থ বছরে টেলিডেনসিটি ৬০ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এপ্রিল পর্যন্ত শুধু মোবাইল গ্রাহকের হিসেবেই এটি টেলিডেনসিটি ৬২ শতাংশ পার হয়ে গেছে। সেক্ষেত্রে জুনের শেষ পর্যন্ত হিসেব নিলে এবং তার সঙ্গে ল্যান্ডফোনের হিসেবও যোগ করলে টেলিডেনসিটি ৬৫ শতাংশ হয়ে যাবে বলে বলায় হয়। সে কারণে ২০১১-১২ অর্থ বছরের সম্পূরক (সংশোধনীতে) বাজেটে টেলিডেনসিটি ৬৫ শতাংশ বলা হয়।
মধ্যবর্তী বাজেট কাঠামোর হিসেবে বলা হয়েছে, ২০১২-১৩ অর্থ বছর শেষে টেলিডেনসিটি ৭০ শতাংশ পেরিয়ে যাবে। পরের চারটি অর্থ বছরে সেটি প্রতি বছর পাঁচ শতাংশ হারে টেলিডেনসিটি বাড়বে বলে হিসেব করা হয়েছে।
এদিকে ২০১১-১২ অর্থ বছরে ইন্টারনেটডেনসিটি ১৪ শতাংশ হবে বলে হিসেব করা হলেও এখন দেখা যাচ্ছে সেটি ১৭ শতাংশ পেরিয়েছে। সেক্ষেত্রে ২০১২-১৩ অর্থ বছরের শেষে ইন্টারনেট ডেনসিটি ২০ শতাংশ হয়ে পরের প্রতি অর্থ বছরে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে হিসেব কষা হয়েছে।













