লাইসেন্স পেলো গুগলের স্ব - চালিত গাড়ি

PriyoTech's picture

(প্রিয় টেক) রাস্তায় নামার বৈধতা পেলো গুগলের স্ব - চালিত গাড়ি। আর এর মাধ্যমে আবারো নতুন এক জগত বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করলো গুগল। যুক্তরাষ্ট্রের নেভাডায় প্রথমবারের মত স্ব - চালিত গাড়ি চালানোর অনুমতি দিয়েছে রাজ্য মোটরযান সংস্থা। স্ব - চালিত গাড়ি চালানোর জন্য এটাই পৃথিবীর প্রথম লাইসেন্স প্রদানের ঘটনা।

লাইসেন্স প্রদানের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় এসব গাড়ি নিয়ে। মাইলের পর মাইল স্বাচ্ছন্দ্যে পাড়ি দেয়ার পরেই রাস্তায় নামার অনুমতি পেলো গুগলের স্ব - চালিত গাড়ি। এসব গাড়িতে থাকবে ভিডিও ক্যামেরা, রাডার স্ক্যানার, লেজার এবং ম্যানুয়ালি গাড়ি চালানোর তথ্য ভাণ্ডার, যাতে গাড়ি চালানোর সময় তা স্ব - চালিত এসব গাড়িকে সহায়তা করতে পারে।

গুগলের দ্বারা পরিবর্তিত একটি টয়োটা প্রিয়ুস গাড়িকে স্ব - চালিত গাড়ী হিসেবে রাস্তায় নামার অনুমতি দিয়েছে মোটরযান সংস্থা। নেভাডার মোটরযান সংস্থার পরিচালক ব্রুস ব্রিসলো বলেছেন, ‘স্ব - চালিত গাড়ি হচ্ছে গাড়ির ভবিষ্যৎ’।

গুগলের এই স্ব - চালিত গাড়ি প্রযুক্তির পেছনে যুক্তি ছিলো বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে মানুষের অসাবধানতা কিংবা ভুলের কারণে। প্রযুক্তিকে ব্যবহার করে এই ভুলগুলো শুধরে নেয়া সম্ভব। আর তাই শেষ পর্যন্ত রাস্তায় চলার অনুমতি পেলো স্ব - চালিত গাড়ি।

আর ইতোমধ্যেই স্ব - চালিত গাড়ি রাস্তায় নামানোর জন্য আবেদন জমা পড়তে শুরু করেছে নেভাডার মোটরযান সংস্থার কার্যালয়ে।