গ্ল্যানসি কিনে নিচ্ছে ফেসবুক

PriyoTech's picture

(প্রিয় টেক) বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক তাদের কাজের ক্ষেত্র প্রসারিত করছে। এ মাসেই তাদের শেয়ার বাজারে আসার কথা। কয়েকদিন আগে বিলিয়ন ডলারের বিনিময়ে ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। আর এবার তারা কিনছে মোবাইল সেবা গ্ল্যানসি। গ্ল্যানসির বৈশিষ্ট্য হচ্ছে এই মোবাইল সেবাটি ব্যবহার করে ব্যবহারকারীরা অন্যদের অবস্থান জানতে পারেন এবং তাদের সাথে সংযুক্ত হতে পারেন।

ফেসবুকের সাথে সংযুক্তির ব্যাপারটি এক ইমেইল বার্তার মাধ্যমে গ্ল্যানসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের ব্যানারে এ বিষয়টি ঘোষণা করা হয়েছে। তবে এই হাত বদলের আর্থিক এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, মোবাইল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক গ্ল্যানসি কিনেছে। একই কথা তাদের আরেকটি বড় অধিগ্রহণ ইনস্টাগ্রামের ক্ষেত্রেও খাটে। মূলত ইনস্টাগ্রাম হচ্ছে ছবি শেয়ারিং ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন।

গ্ল্যানসি ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের মাধ্যমে কাছাকাছি বা একই এলাকায় বসবাসরত বন্ধুদের সম্পর্কে জানতে পারে। সেই সাথে তাদের পছন্দ, অপছন্দ এবং দুজনের পরিচিত বন্ধুদের (মিউচুয়াল ফ্রেন্ড) সম্পর্কেও জানতে পারে।

আন্দ্রে ভাক্কারি, অ্যালবার্টো ট্রেট্টি এবং গ্যাব্রিয়েল গ্রিজে এই তিন জন মিলে ২০১০ সালে গ্ল্যানসি প্রতিষ্ঠা করেন।