সেনাবাহিনী টেশিস থেকে ১,৭৯৯টি দোয়েল ল্যাপটপ নিচ্ছে

PriyoTech's picture

(প্রিয় টেক) টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) উৎপাদিত সবচেয়ে ক্ষমতা সম্পন্ন অ্যাডভান্স মডেলের ১,৭৯৯টি দোয়েল ল্যাপটপ নিচ্ছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার এই চাহিদার ২৫০টি ল্যাপটপ টেশিস কর্তৃপক্ষ সেনাবাহিনীতে পাঠিয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে বাকি ১,৫৪৯টি ল্যাপটপ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন উৎপাদক টেশিস কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানিতে সংযোজিত ল্যাপটপ ‘দোয়েল-এর গুনগতমানে সেনাবাহিনী সন্তুষ্ঠ হয়েছে বলে দাবি করেছেন টেশিসের জেনারেল ম্যানেজার (প্ল্যান্ট) আঃ মোহাম্মদ মোয়াসি। তিনি বলেন, সেনাবাহিনীর ল্যাপটপ নেওয়ার মাধ্যমে তাদের ওপর সাধারণ গ্রাহকদের আস্থা বাড়বে।

মোয়াসির জানান, সেনাবাহিনী এখন সাড়ে ২৬ হাজার টাকা মূল্যের অ্যাডভান্স মডেলের দোয়েল ল্যাপটপ নিচ্ছে। তবে আগামী ২০ জুনের মধ্যে আরো এক হাজার ‘কোর আই থ্রি’ মডেলের ল্যাপটপ তাদেরকে সংযোজন করে দেওয়া হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো দেশে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ সংযোজনের কার্যক্রম গ্রহন করে সরকার। টঙ্গিতে টেশিসের প্রধান কার্যালয়েই এই ল্যাপটপ প্ল্যান্ট স্থাপন করা হয়।

উল্লেখ্য যে, প্রথম পর্যায়ের আনা দোয়েল ল‌্যাপটপের এটাই শেষ লট। এখন নতুন পার্টস আনতে শুরু করেছে টেসিস। এবং সেগুলোর মূল্য আগের তুলনায় বেশি দাম পড়েছে। পাশাপাশি ডলার মূল্য বেড়ে যাওয়ার আমদানী মূল্যের উপরও বাড়তি চাপ পড়েছে। তাই নতুন দোয়েল ল্যাপটপের মূল্য বেড়ে যাবে বলে জানা গেছে। পাশাপাশি এতোদিন সকল দোয়েল ল্যাপটপের উপর সরকারী ভর্তূকি ছিল। সেই ভর্তূকিও উঠে যাচ্ছে।

এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে বিদেশ থেকে আসা কয়েকজন প্রকৌশলী টেসিস ছেড়ে দিয়ে পুনরায় বিদেশে চলে গেছেন।

ফলে সবকিছু মিলিয়ে দোয়েল ল্যাপটপ আর আগের মতো আকর্ষনীয় নাও থাকতে পারে।