মোবাইল ফোনের বাজারে নোকিয়াকে ছাড়িয়ে গেলো স্যামসাং

(প্রিয় টেক) দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স তাদের মোবাইল সম্ভার নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিকস জানিয়েছে, বিশ্বখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফিনল্যান্ডের নোকিয়া কে ছাড়িয়ে স্যামসাং এই শীর্ষ স্থান দখল করেছে।
১১৯৮ সালে মটোরোলা কে ছাড়িয়ে বিশ্বব্যাপী মোবাইল বাজারের দখল নেয় নোকিয়া। কিন্তু এই বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং যেখানে ৯৩ মিলিয়ন হ্যান্ড সেট বিক্রি করেছে সেখানে নোকিয়া করেছে মাত্র ৮৩ মিলিয়ন। আর সেই সাথে ২০০৮ থেকে এই পর্যন্ত প্রান্তিকের সর্বোচ্চ মুনাফা তুলে নিয়েছে স্যামসাং।

এই বছরের শুরু থেকে ৩১শে মার্চ পর্যন্ত স্যামসাংয়ের মুনাফা ছিলো ৪.৫ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৮১% বেশি। শুধু মোবাইল হ্যান্ড সেট নয়, টেলিভিশন এবং ফ্ল্যাট স্ক্রিন মনিটর নির্মাণেও স্যামসাং শীর্ষ স্থান দখল করে আছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের স্মার্ট ফোন প্রস্তুতকারী আইটি অ্যান্ড মোবাইল কমিউনিকেশনস ডিভিশন এই প্রান্তিকে গত বছরের চেয়ে ৮৬% বেশি মুনাফা আয় করেছে।
আর এই সফলতার সূত্র ধরে আগামী ৩ মে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি হ্যান্ড সেটের সর্বশেষ সংস্করণ। স্যামসাংয়ের গ্যালাক্সি হ্যান্ড সেট সংস্করণ তাদেরকে নতুন করে মোবাইল হ্যান্ড সেটের বাজারে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ করে স্মার্ট ফোন বিক্রিতে অ্যাপলের একচেটিয়া আধিপত্য খর্ব করেছ স্যামসাংয়ের গ্যালাক্সি। এই বছরে বিশ্বব্যাপী স্মার্ট ফোনের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, এবছর ৬৫৯.৮ মিলিয়ন স্মার্ট ফোন বিক্রি হবে। আর এই বাজার ধরতে হলে স্যামসাং কে এগিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের অ্যাপল, ফিনল্যান্ডের নোকিয়া এবং তাইওয়ানের এইচটিসি এর মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে।











