ক্লাউড ভিত্তিক ছবি শেয়ারিং সাইট আনবে সনি

(প্রিয় টেক) স্মৃতি ধরে রাখার জন্য ছবির জনপ্রিয়তা অনেক আগে থেকেই। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ছবি তোলার এবং সংরক্ষণের পদ্ধতি বদলে গিয়েছে। আর সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর বদৌলতে অন্যদের সাথে ছবি শেয়ার করার ধারণাটাই আমূল বদলে গিয়েছে। আর ভোক্তাদের ছবি এবং ভিডিও শেয়ারিং আরও সুবিধাজনক করতে সনি একটি অনলাইন শেয়ারিং সাইট নিয়ে আসার পরিকল্পনা করেছে।

পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে সনির এই পরিকল্পনার কথা জানানো হয়েছে। ক্লাউড স্টোরেজ ভিত্তিক এই অনলাইন সাইটটির নাম রাখা হয়েছে ‘প্লে মেমোরিস’। এই সাইটে ব্যবহারকারীরা বিনামূল্যে ৫ জিবি পরিমাণ ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে পারবে। তবে এজন্য তাদের থাকতে হবে সনির তৈরি কোন ডিভাইস।
আগামী ২৫ মে এই সেবাটি সনি চালু করবে বলে পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে। এবং প্রাথমিকভাবে জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
এই ছবি শেয়ারিং সাইটের মাধ্যমে সনির তৈরি ডিভাইসগুলোর মধ্যে এক ধরণের যোগসূত্র স্থাপিত হবে। সনির তৈরি ট্যাবলেট, স্মার্ট ফোন, ল্যাপটপ, টিভি এসবের মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে। ফলে অনলাইনে আপনার পরিচিতরাও এসব ছবি এবং ভিডিও দেখতে পাবেন সহজেই।













