তিন মিলিয়ন 'নিউ আইপ্যাড' বিক্রি করল অ্যাপল!

(প্রিয় টেক) সম্প্রতি অ্যাপল বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুনামধন্য এই কোম্পানির পণ্যের গুণগত মান, নতুনত্ব এবং ব্যবসায়িক দূরদর্শিতা সম্পর্কে সবাই জানেন। সবসময় নতুন নতুন চমক নিয়ে হাজির হতে পছন্দ করে স্টিভ জবস-এর হাতে গড়া এই প্রতিষ্ঠান। এবছর তাদের সাড়া জাগানো নতুন এক চমক ছিল ‘নিউ আইপ্যাড’। পূর্বের যে কোন আইপ্যাডের চেয়ে এটি অনেক বেশী আকর্ষণীয় এবং আধুনিক। আর তাই আসরে নেমেই বাজিমাত করে দিয়েছে তারা। গত ১৬ মার্চ এটি বাজারে এসেছে। ইতিমধ্যে প্রায় তিন মিলিয়ন নিউ আইপ্যাড বিক্রি করেছে বলে দাবী প্রতিষ্ঠানটির!

সর্বপ্রথম ২০১০ সালে আইপ্যাড বাজারে আনে অ্যাপল। আইফোনের পর এটিই কোম্পানির দ্বিতীয় বৃহত্তম রাজস্বের উৎস! এই আইপ্যাডের তৃতীয় সংস্করণ নিউ আইপ্যাড। হাই ডেফিনেশন স্ক্রিন এবং দ্রুত গতির প্রসেসর যোগ হয়ে নিউ আইপ্যাড ভিন্নমাত্রা পায়।
রয়েছে ডিকটেশন সুবিধা! সব মিলিয়ে 'নিউ আইপ্যাড' পূর্বের দুটি সংস্করণ 'আইপ্যাড' এবং 'আইপ্যাড ২' এর তুলনায় নিঃসন্দেহে অনেক চমৎকার গ্যাজেট। অ্যাপলের বর্তমান চীফ এক্সিকিউটিভ অফিসার টিম কুক আশা প্রকাশ করে বলেছিলেন, পিসির চেয়ে আইপ্যাড এবং অন্যান্য ট্যাবের বিক্রি তুলনামূলক বেড়ে যাবে। তার এই কথাটি সত্য প্রমাণ করতেই যেন এই রেকর্ড!
গত ডিসেম্বরের ৩১ তারিখে অ্যাপলের একটি বড় রেকর্ড ছিল তাদের ১৫.৪ মিলিয়ন আইপ্যাড বিক্রি করতে পারার রেকর্ড!এটি ছিল তাদের এবছরের প্রথম রেকর্ড। আর নিউ আইপ্যাড বিক্রির এই রেকর্ড তাদের দ্বিতীয় রেকর্ড।
নিউ আইপ্যাড প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, পুয়ের্টোরিকো, সিঙ্গাপুর, হং কং এবং সুইজারল্যান্ডের বাজারে ছাড়া হয়েছিল। আগামী ২৩ মার্চ থেকে আরও ২৪ টি দেশে নিউ আইপ্যাড বিক্রি শুরু হবে বলে জানা যায়।
বিশ্বের সবচেয়ে দামী এই কোম্পানিটি একের পর এক তাদের পণ্যের সাফল্যগাঁথা জানিয়ে যাচ্ছে। আর দিন দিন তাদের সাফল্য যেন আকাশ ছাড়িয়ে মহাকাশে পৌঁছে যাচ্ছে!কে জানে বিশ্বের সবচেয়ে দামী এই প্রতষ্ঠানের জন্য সামনে আরও কত চমক অপেক্ষা করছে!










