আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিটি ওয়ার্ল্ড ওয়েব মেলা

(প্রিয় টেক) 'ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি' এ স্লোগানে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী চতুর্থ আইসিটি ওয়ার্ল্ড ওয়েব মেলা-২০১১। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা।

শনিবার বাংলাদেশ কম্পিউটার সমিতির-(বিসিএস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েব মেলায় ৫০ দেশের ৭০টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকছে ৩০টি প্যাভিলিয়ন।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে মেলা আয়োজন কমিটির আহ্বায়ক কাজী আশরাফুল আলম জানান, মেলায় দর্শনার্থীদের যেমন থাকবে নানা আনন্দ আয়োজন, তেমনি থাকবে সেমিনার। তথ্যপ্রযুক্তিখাতে আগ্রহীরা এসব সেমিনারে অংশ নিতে পারবেন মুক্ত আলোচনায়। এসব সেমিনারে দেশের সেরা প্রযুক্তিবিদরা অংশ নেবেন।
মেলায় আগত দর্শনার্থীদের উৎসাহ দিতে থাকবে তারকাদের সমাহার। চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারা মেলায় উপস্থিত হয়ে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, মহাসচিব মজিবুর রহমান স্বপ্ন, যুগ্ম মহাসচিব নাজমুল আলম, পরিচালক ইউসূফ আলী শামীম, মোঃ শাহিদ-উল-মুনির প্রমুখ।
সৌজন্যে: সমকাল












