সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ৫

A.I.Sajib's picture

প্রযুক্তি বিশ্বে নতুন কোনো পণ্য আসার বহু আগে থেকেই তা সম্পর্কে বিভিন্ন গুজব ছড়াতে শুরু করে। এর কোনো কোনোটা থাকে নিতান্তই গুজব, আবার কোনো কোনোটা থাকে বিশ্বস্ত কোনো সূত্র থেকে ফাঁস হওয়া খবর। তবে এই "গুজব" যখন জাপানী ব্লগ ম্যাকোটাকারা ছড়ায়, তখন তা চোখবুজে বিশ্বাস করে নেয় অনেক টেক জায়ান্টরাই।

আর এবার সেই ম্যাকোটাকারাই বলছে, আগামী আইফোন আলোর মুখ দেখতে আর মাত্র কয়েক মাস বাকি। চীনের কিছু সূত্রের কথা উল্লেখ করে তারা জানিয়েছে, সেপ্টেম্বরেই আসতে পারে পরবর্তী আইফোন। এছাড়াও এর পেছনের দিকটা গ্লাস এবং অ্যালুমিনিয়ামের সমন্বয়ে তৈরি হয়েছে। সব মিলিয়ে সর্বশেষ মডেলগুলোর তুলনায় বেশ ভিন্ন রূপেই দেখা যাবে নতুন আইফোন, এমনটাই জানিয়েছে ম্যাকোটাকারা।

iphone
২০০৭-এ প্রথম মুক্তি পাওয়া আইফোন তৈরি করে স্মার্টফোন জগতের, যা আজও অন্যতম জনপ্রিয় ও আকাঙ্ক্ষিত হ্যান্ডসেট।

ম্যাকোটাকারাকে বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণও রয়েছে। এর আগে সাইটটি দাবি করে, আইফোন ৪এস মুক্তি পাবে ২০১১ সালের অক্টোবর মাসে। বিভিন্ন সাইট বিভিন্ন কথা বললেও অবশেষে দেখা গেছে,অক্টোবরের মাঝামাঝিই আইফোন ৪এস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে অ্যাপল। এবার আগামী আইফোন নিয়ে তাদের প্রকাশিত তথ্য ছাড়াও চীনের আরেক ই-কমার্স ওয়েবসাইট "টাওবাও" ইতোমধ্যেই আইফোন ৫-এর প্রি-অর্ডার নিতে শুরু করেছে বলেও জানা গেছে, যা থেকে এই ধারণা করা যায় যে, আইফোনের পরবর্তী সংস্করণ মুক্তি পেতে আর বেশি দেরি নেই।

তাই ম্যাশএবল-এর মতো টেক জায়ান্ট সাইটগুলো ম্যাকোটাকারার সূত্র উল্লেখ করে এখনই নতুন কোনো আইফোন ৪এস কিনতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। কে জানে, হয়তো নতুন আইফোন আপনার আরও বেশি পছন্দ হবে অথবা নতুন আইফোন বের হওয়ার পরপর রীতি অনুযায়ী এক লাফে কমে যাবে বর্তমান সব আইফোন মডেলের দাম।