অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের শত্রু হতে পারে!

omi.azad's picture

আমাদের যখন অতিরিক্ত আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন আমরা ভুল করি। আমি নিজের ডাটা হারিয়ে বেশ কয়েকবার নিঃস্ব হয়েছি অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। কাজকর্মের জিনিস থেকে শুরু করে ছেলের ছোটবেলার সব ছবিও হারিয়ে ফেলেছি। এর মধ্যে কয়েকটা ঘটনা আমার খুব মনে পড়ে এবং নিজের অজান্তেই হেসে ফেলি নিজের বোকামির কথা ভেবে। ৯৬/৯৭ সালের কথা, তখন পিসিকোয়েস্ট পত্রিকার সাথে প্রথম রেড হ্যাট লিনাক্স ৪.১ এর একটা সিডি পেলাম। ধারণা ছিলো এটা উইন্ডোজের উপরে চালানো যায়। কিন্তু সিডি ঢুকিয়ে কিছু করতে পারলাম না। পত্রিকাতেও স্পষ্ট কোনো ধারণা দেয়া ছিলোনা!

Hard-Drive-Data-Recovery.jpg

বড়ভাইর এক বন্ধু বললেন, সিডি থেকে বুট করলে কাজ হবে, করলাম। শুধু লেখা আর লেখা, এমন সময় ঐ ভাই বললেন যে এটা চালিয়ে মজা পাবা না, সামনের মাসে রেড হ্যাট লিনাক্স ৫ আসবে সেটা চালিও, ওটাতে গ্রাফিক্যাল ডেস্কটপ থাকবে!

কয়েকমাস পরে আবার পিসিকোয়েস্টের সাথে রেড হ্যাট লিনাক্স ৫ পেলাম। আমরা তো মহা খুশি, এবার উইন্ডোজের বদলে অন্য একটা অপারেটিং সিস্টেম চালাতে পারবো। পত্রিকায় বলেছে পারফরমেন্স না-কি অসাধারণ! যেই গেমগুলো আটকে আটকে চলে, সেগুলি আরও ভালো চলবে (উইন্ডোজের জিনিস যে লিনাক্সে চলেনা, সেটাও জানতামনা) ইত্যাদি। দিয়ে দিলাম ইনস্টল সম্পুর্ণ আত্মবিশ্বাসের সাথে। টেক্সট মোডে কি কি লেখা ছিলো ঠিক মত পড়ার প্রয়োজন মনে করলামনা! একবার রুটের পাসওয়ার্ড চায়, আবার নতুন ব্যবহারকারী বানাতে বলে... যাই হোক, শেষ পর্যন্ত ইনস্টল হয়ে গেলো। এবং লগইন করতে বলে কমান্ড প্রম্প্টের মতন কালো রঙের টার্মিনালে। রুট হিসাবে লগ-ইন করতেই সব কেমন লাল লাল! আবার রিসেট দিয়ে অন্য ব্যবহারকারী হিসেবে লগ-ইন করি, কিন্তু ডেস্কটপ তো আসেনা!

সেই ভাইকে ফোন দিলাম, বলে startx লিখলে ডেস্কটপ আসবে! লিখলাম, আসলো KDE ডেস্কটপ কিন্তু আগা মাথা তো বুঝিনা, আর আমার এতগুলি দুষ্টু ছবি, এতগুলি MP3 গান (তখন MP3 নতুন নতুন) কোথায়! তাজ্জব কথা!! সি ড্রাইভ নাই, মাই কম্পিউটার নাই। পত্রিকায় কিন্তু বলেছিলো উইন্ডোজের মতন আর ছবিও দিয়েছিলো কিছু। আমার তো মাথায় হাত! দুষ্টু ছবি, MP3 গান বাদেও তো অনেক কাজের জিনিস ছিলো, যেমন: ভাইয়ার সমস্ত অ্যাসাইনম্যান্ট!! সাথে সাথে হার্ডডিস্ক নিয়ে এর কাছে যাই, ওর কাছে যাই আমার ডাটা বের করার জন্য। ভাইয়া বললো ওর ফাইলগুলি ইউনিভার্সিটি ল্যাবের পাইনের সেন্ড আইটেমে পাওয়া যাবে, একটা চিন্তা গেলো, কিন্তু গানগুলি! কতজনের কাছ থেকে যে যোগাড় করেছিলাম, মাই হার্ট উইল গো অন, আই অফ দা টাইগার :(

আমি যদি এক্সাইটেড না হয়ে ঠিকমতন সব পড়তাম এবং ইনস্টল করতাম, তাহলে এই ঝামেলাটা হতোনা। নির্দেশের মধ্যেই বলা ছিলো যে হার্ডড্রাইভ মুছে যাবে, যেটা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারনে আমি পড়ার প্রয়োজন মনে করিনি!