নেক্সাস ৭ এর জবাবে অ্যাপল কি আইপ্যাড মিনি বের করবে?

ইকবাল আহসান's picture

ছোট্ট একটা খবর, এপ্রিলের কোন একদিন বের হয়েছিল। সংবাদটি ছোট হওয়ায় অনেকের চোখে তা এড়িয়ে গিয়েছিল, আর যাদের যায়নি তারা গুজব হিসেবে খবরটা সম্পর্কে খুব একটা গুরুত্ব দেন নি। খবরটা হল - চীনা নেট পোর্টাল নেটইজ এর দাবী ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপল নতুন, সস্তা এবং ছোট্ট একটি আইপ্যাড বের করবে। আইপ্যাড মিনি নামধারী এই ট্যাবটির সাহায্য নিয়ে অ্যাপল উইন্ডোজ ট্যাবের বাজার দখলের প্রচেষ্টা চালাবে। সে সময় সবাই স্টিভ জবসের ১০"র নিচে নয় ধারণার কথা উল্লেখ করে ব্যাপারটাকে গুজব হিসেবে উল্লেখ করে। কিন্তু গুগল তার আই/ও সম্মেলনে নেক্সাস সেভেন ট্যাব বের করার পর অ্যাপলের এই মিনি ট্যাব বের করার গুজব আবার সামনে চলে এসেছে। সম্প্রতি প্যাসিফিক ক্রেস্ট এর একজন বিশ্লেষক আইপ্যাড মিনি সম্পর্কে তার মতামত প্রকাশ করলে বিষয়টি প্রযুক্তি জগতে বেশ সাড়া ফেলে দেয়।

প্যাসিফিক ক্রেস্ট এর বিশ্লেষক মনে করেন গুগলের নেক্সাস সেভেন ঘোষণার পর অ্যাপল খুব শীঘ্রই তার জনপ্রিয় আইপ্যাডের এর ৭.৮৫" সংস্করণ বের করবে। বিশ্লেষক অ্যান্ডি হারগ্রিভস সম্প্রতি তার এক গ্রাহককে উন্মোচনের সময় হিসেবে অক্টোবরকে নির্দিষ্ট করেন। অ্যান্ডির মতে ৭.৮৫", ৮ গিঃবাঃ সংস্করণের মূল্য $২৯৯ মার্কিন ডলার এবং প্রথম প্রান্তিকে (ডিসেম্বর ২০১২) মিনি আইপ্যাডের বিক্রয় ১ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে এবং প্রথম বর্ষে (২০১৩ সালে) ইউনিট বিক্রয়ের পরিমাণ ৩ কোটি ৫২ লক্ষ হবে।

অ্যাপলের এই সিদ্ধান্ত ট্যাবলেট বাজারে কি ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করবে তার ধারণা গ্রাহককে দেবার জন্য অ্যান্ডি বলেন, 'আমরা ধরে নিয়েছে আইপ্যাডের ৯.৭" সংস্করণটির বিক্রয় ২৫% কমে যাবে, ফলে প্রথম বর্ষে (২০১৩) আইপ্যাড বিক্রির পরিমাণ ৬৫.২ মিলিয়ন ইউনিট থেকে বেড়ে ৯১.৬ মিলিয়ন ইউনিটে দাঁড়াবে।'

এদিকে, প্রযুক্তি সাইট সিনেটের একটি প্রতিবেদনে পাঠকদেরকে সাবধান করে দিয়ে বলা হয় অ্যাপল যদি সত্যিই মিনি আইপ্যাড (অথবা একই দামে অন্য কোন আইপ্যাড) বের করে তাহলে প্রতিষ্ঠানটি তার ৮ গিঃবাঃ মডেলের আইপ্যাড ২ সংস্করণটির উৎপাদন বন্ধ করে দিবে। ছোট আকৃতির ট্যাবলেট বাজার তখন সদ্য মুক্তিপ্রাপ্ত গুগল নেক্সাস ৭, অ্যামাজনের কিন্ডল ফায়ার (এর আপগ্রেড বের হবে বলে গুজব শোনা যাচ্ছে) এবং নতুন মিনি আইপ্যাড এর মাঝে বিভক্ত হয়ে যাবে। তার মানে নতুন আইপ্যাড এর আপগ্রেড বের করার সময় এসে যাবে এবং $৩৯৯ মার্কিন ডলার মূল্যের স্থানটি ভরাটের জন্য মিনি আইপ্যাডের ১৬ গিঃবা সংস্করণ বের করা হবে।

ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের মোবাইল কানেক্টেড ডিভাইস বিভাগের গবেষণা পরিচালক টম মেইনেলি বলেন, "গুজব অনুযায়ী অ্যাপল যদি এ বছরের শেষে $৩০০ ডলারের কম মূল্যের ৭" ট্যাবলেট বাজারে ছাড়ে তাহলে বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরো দৃঢ় হবে বলে আমাদের বিশ্বাস।"

এছাড়া চীনের প্রোভিউ এর সাথে আইপ্যাড নাম সংক্রান্ত নিষেধাজ্ঞা মামলা নিষ্পত্তি হয়ে যাবার ফলে অ্যাপলের সামনে এখন উন্মুক্ত চীনের বাজার। আর এই বাজারে আইপ্যাড মিনি যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে তা তো বোঝাই যায়। আর এই ধারণার সাথে একমত টোপিকা ক্যাপিটাল মার্কেটের ব্রায়ান হোয়াইট। তার মতে "চীনের বাজারে এই আইপ্যাডটিই বিক্রি হবে।"

আইপ্যাড মিনির মূল্য $৩০০ থেকে $৪০০ ডলারের মাঝে হবে বলে ধারণা করা যাচ্ছে। বেশ কিছু গুজবে আইপ্যাড মিনিতে থাকবে ১৫৩৬X২০৪৮ রেটিনা ডিসপ্লে, আবার অনেকে বলেছে আইপ্যাড ২ এর মত ৭৬৮X১০২৪ রেজ্যুলেশনের ডিসপ্লে।

অ্যাপল যদি সত্যিই আইপ্যাড মিনি বের করে এবং মূল্য $৩০০ মার্কিন ডলারের থেকে কিছুটা কম রাখতে সক্ষম হয় তাহলে তা চীন ছাড়া বাংলাদেশের বাজারেও বেশ জনপ্রিয়তা পাবে। তবে যেহেতু আমরা অ্যাপল নিয়ে কথা বলছি সেহেতু মূল্য যে স্থির থাকবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এ ক্ষেত্রেও হতাশ হবার কিছু নেই। প্রতিষ্ঠানটি সবসময় নতুন ডিভাইস বের করার সাথে সাথে পুরাতন সংস্করণের মূল্য বেশ অনেকটা কমিয়ে ফেলে (নিউ আইপ্যাড বের হওয়ার সাথে সাথে আইপ্যাড ২ এর মূল্য $১০০ কমে যায়)। আর অ্যাপল ডিভাইসের মান অন্যদের তুলনায় ভালো হবার কারণে পুরনো সংস্করণ হওয়া সত্বেও তা বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন ২০ থেকে ৩০ হাজার মূল্যের ট্যাবলেট অপেক্ষা বহুগুণে ভালো। অতএব ট্যাবলেট কেনার কথা ভাবছেন তার অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন। অপেক্ষা দুটো লাভ, এক এর মাঝে আরো কিছু টাকা জমে যাবে আর দুই আইপ্যাড বের না হলেও মাইক্রোসফট তার সারফেস ট্যাব নিয়ে হাজির হবে। অতএব আপনার পছন্দের পরিধিটাও অনেকটা বেড়ে যাবে। অ্যাপলের মত না হলেও মাইক্রোসফটের হার্ডওয়্যারের মানও কিন্তু অনেক ভালো।