আমার ফেসবুক জীবন: ইথারে ইথারে ভেসে বেড়ানো এই আমি!!!

nahreen's picture

যারা বাইরে থাকি, আমি নিশ্চিত এমন একটা সকাল আমাদের আসেই, যে সকালে আধো আড়মোড়া দিয়ে মনে হয় অচেনা এই বিদেশী শহরটা বড় বেশী নীরব ...কী যেন নেই! কি নেই...যা নেই তা হোল কাঁকের ডাক ...বাংলাদেশের কাঁক ডাকা ভোর নেই। আর এই মন খারাপ লাগা নিয়ে কম্পিউটারে ফেসবুকে লগ-ইন করলেই যদি কেউ একটা কাঁক ডাকা ভোরের ছবি পোস্ট করল, তো গেল...সারাটা দিন দেহতরী রাইনের স্রোতহীন তীরে আর মনতরী বুড়িগঙ্গায় ...হ্যাঁ ফেসবুক আমার কাছে এক ভার্চুয়াল বাংলাদেশ - ৫৫,৫৯৮ বর্গ মাইল আমার ১২ ইঞ্চির মনিটরে!!!

দেশে থাকতে কেমন অদ্ভুৎ গন্ধ মেশানো উষ্ণ খবরের কাগজ আর এক কাপ চা দিয়ে সকালটা শুরু হতো। এখন চায়ের বদলে ফেয়ার ট্রেড কফি আর ফেসবুকের “হোম”, সকালেই জেনে যাই কার বাড়ীর কাজের লোক আজ আসেনি, কে এখন জ্যামে বসে, ঢাকায় আজ কতক্ষণ ইলেক্ট্রিসিটি ছিলনা, বাজারে আজ মাছের দামটা কত, আর কত কি! আর আমি হিশেব করতে থাকি, কোথায় আছি, কেমন আছি, কিভাবে আছি! ভালই এই ভার্চুয়াল জীবনটা।

সাগর –রুনি মারা গেলেন, ফেসবুকে “মেঘের” একা হয়ে যাওয়া জীবনটা কি অদ্ভুতভাবে আমাকেও একা করে দিলো। যে মেঘ কে চিনিনা, কখনো ছুঁয়েও দেখিনি, কেমন এক অনুভূতি কাজ করে ওর জন্য। ওর চোখের জলের নোনা স্বাদটা আমি আমার ভেতরে টের পাই।

“কেউ কি এমাসে ঢাকা থেকে আসবেন? প্লিজ আমার জন্য একটা বই আনতে পারবেন, ওজন আধা কেজিরও কম”; “সবাইকে বলছি –my name is not BHABI'” ; “ওর সাথে রিকশায়’; “আর ভাল থাকুম না, ভাল মানুষের দাম নাই”; এগুলো আমার ফেসবুক পরিবারের সদস্যদের কিছু আপডেট, কী তীব্রভাবে দৈনন্দিন প্রয়োজন, আকুতি, আক্ষেপ আর ভাললাগার দুর্দান্ত বহিঃপ্রকাশ ।

তবে আমার ফেসবুক কি আমাকে যন্ত্রের সামনে নিরেট বসে থাকা বোকা মানুষও বানাচ্ছে না? বিজয় দিবসে লাল সবুজ পতাকা, বাবা দিবসে বাবা আর আমি, ভালবাসা দিবসে দু'জনে-দু'জনা, শবে বরাতে আল্লাহ আকবার , আর অনিয়ম- দিবসে আদর্শের ছবি দিয়ে ক্রমশ ভরে ওঠা আমার প্রোফাইল পিকচার কি আমাকেই যথার্থ প্রকাশ করে? সবার প্রোফাইলে পতাকা দেখে জেগে ওঠা দেশপ্রেম, অথচ “এই দেশের আর কিছু হবেনা” বলে যে সকালের শুরু, সেই দেশপ্রেম বাংলাদেশকে কি দেবে? বাবাকে দুই মিনিটের জন্য ফোনও করিনি, কারন বিদেশের জীবন। কী যে ব্যস্ত আমি, বাবা আমার বন্ধুদের জন্যই প্রোফাইল পিকচার হয়ে হাসুক, বাবার এত কষ্টে বড় হওয়া এই “আমি” কে বাবা কি এভাবে দেখতে চেয়েছিলেন? পৃথিবীর সবচেয়ে সুখী এই তোমার আর আমার প্রায় পৌনে চারশো “লাইক” পাওয়া প্রোফাইল পিকচারের আড়ালে যে মেরুপ্রতিম দূরত্ব তা কি ল্যাপ-এ বসা ল্যাপটপ ঘোচাতে আদৌ পারছে?

আসলে ফেসবুক একটা ব্যক্তিগত জীবনের যান্ত্রিকতার দৈনন্দিন বাণিজ্যিক অভিব্যক্তি। এটা আমাকে ভার্চুয়াল বাংলাদেশ দিয়েছে, প্রিয়জনের একান্ত খবর দিচ্ছে, অঘটন–ঘটনের পূর্বাভাস দিচ্ছে, কিন্তু কেড়েও নিচ্ছে অনেক। আমার সময়!!! একান্ত আমি আজ সাইবার জগতের ইথারে ইথারে ভাসছি, যে জগতে “ডিলিট” বলে কিচ্ছু নেই।

আমার সহজলভ্য এই যোগাযোগ পন্থা আমাকে আর আকুল করেনা তোমাকে একটা চিঠি লেখার, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে মোড়া নীল খামের সেই চিঠি, ল্যাপটপ শাট-ডাউনের সাথে সাথে আবেগগুলোও শাট-ডাউন হয়ে যায়। “আমি কোন বলিউড নায়িকার মত” অ্যাপটা আমাকে কি নির্মম ভাবে ভোগবাদী দর্শন-তত্ত্ব বোঝায়, আমার “আমি”র ব্যক্তিগত তথ্যগুলো কি আচমকা পাবলিক হয়ে যায়!!! তবুও আমি আমার দিনের শুরু আর শেষ করি ফেইসবুক দিয়ে, কারন আমি জানি, “জীবন” যাকে আমি আমার অজান্তেই যন্ত্র বানিয়েছি , তাকে এই যান্ত্রিক আবেগি খেলায় যোগ দিতেই হবে, প্রতিযোগী এই আমি তো আর পিছিয়ে থাকে পারিনা!!!

Comments

Source Bangladesh's picture

A Small Market Sale along with 2.5 katha Land

A small Market sale with 11 shop ready and running total land 2.5 Katha.
Mira Bazar , Pubile, Gazipur. Contact Phone # 01711549729 Palash

Mohammed Amin Palash