অ্যাসারের দাবী- অ্যাপলের সাথে ট্যাবলেট যুদ্ধে হারবে মাইক্রোসফট

ইকবাল আহসান's picture

সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট হটাৎ করেই গত সপ্তাহে নিজ ব্র্যান্ডে ট্যাবলেট নির্মাণ করার ঘোষণা দেয়। যদিও তার আগেই বাজারে গুজব রটে গিয়েছিল যে প্রতিষ্ঠানটি এ ধরণের ঘোষণা দিতে চলেছে কিন্তু তারপরেও ব্যাপারটাকে অনেকে গুজব হিসেবেই ধরে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সারফেস নামক ট্যাবলেট বের করার ঘোষণা দিয়েই দিল মাইক্রোসফট। ঘোষণায় প্রযুক্তি প্রেমীরা অত্যন্ত খুশী। তাদের মতে অ্যাপলের সাথে জোড়ালো প্রতিযোগিতায় নামতে হলে এই সিদ্ধান্ত নেয়াটা দরকার ছিল। কিন্তু মাইক্রোসফটের সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার সুবিধা দিত যে সকল প্রতিষ্ঠান তারা কি খুশী?

আপাত দৃষ্টিতে ব্যাপারটা সেরকম বলে মনে হচ্ছে না। বিশেষ করে পিসি নির্মাতা অ্যাসারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট অলিভার এহরেন সারফেস ঘোষণার পর থেকে নাখোশ হয়ে বসে আছেন। সংবাদ সংস্থা রয়টারের সাথে মতবিনিময় কালে তিনি জানিয়েছেন সারফেস ট্যাবলেটের মাধ্যমে মাইক্রোসফট অ্যাপলের সাথে তীব্র প্রতিযোগিতার যে কৌশল গ্রহণ করেছে তা ব্যর্থ হবে।

সত্যি কথা বলতে কি মাইক্রোসফট যে ধরণের কোন কিছু করতে চায় সে ব্যাপারে কোন ধারণাই সে তার অংশীদারদেরকে দেয়নি, এবং অ্যাপলের মতই কঠোর গোপনীয়তা বজায় রেখে সংবাদ সম্মেলনে ট্যাবলেট নির্মাণের কথা ঘোষণা দেয়। ঘোষণাটি চাঞ্চল্য সৃষ্টি করলেও তা মূল্য, ব্যাটারির স্থায়িত্বকাল এবং কি ধরণের যোগাযোগ ব্যবস্থা থাকছে এ ধরণের সাধারণ প্রশ্ন অল্প দিনের মধ্যে সামনে চলে আসবে এবং অবস্থার পরিবর্তন ঘটাবে বলে মনে করে প্রযুক্তি সাইট সিনেট। আর সেদিক থেকে বিবেচনা করলে এহরেনের এ ধাঁচের বক্তব্য মাইক্রোসফটকে কোনভাবেই সাহায্য করবে না।

রয়টারের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, "এ প্রচেষ্টা সফলতা পাবে বলে আমার মনে হয় না, মাত্র দুটি পণ্য নিয়ে আপনি হার্ডওয়্যার ক্ষেত্রে ভালো খেলোয়াড় হতে পারবেন না। মাইক্রোসফট বিশ্বব্যাপী দুই ডজন পিসি ভেন্ডরের সাথে কাজ করছে, যার মাঝে স্থানীয় লোকজনও রয়েছে, যেখানে অ্যাপল একাই, কম-বেশী যা ইচ্ছা তাই করতে সক্ষম। মাইক্রোসফট পিসির জন্য একটা যন্ত্রাংশ মাত্র। অত্যন্ত জরুরী একটি যন্ত্রাংশ হলেও কিন্তু একটি যন্ত্রাংশই।"

তিনি আরো বলেন, উইন্ডোজ এইটের উপর লক্ষ্য স্থির না করে, সফটওয়্যার দিকপাল অ্যাপল, এবং তার পণ্য এবং তার অংশীদারদের সাথে নতুন একটি যুদ্ধ শুরু করে দিয়েছে এর শাস্তি সে পাবে।

এহরেন্সের দাবী একটু হলেও বিস্ময়কর কারণ অ্যাসারের প্রতিষ্ঠাতা স্ট্যান শিহ কিন্তু মাইক্রোসফটের ঘোষণায় একটুও বিচলিত নন। বরং তিনি মনে করছেন মাইক্রোসফটের এই ঘোষণা বিভিন্ন পিসি নির্মাতাকে উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেট বের করার ক্ষেত্রে একটু উস্কে দেবার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। প্রতিষ্ঠানটি ট্যাবলেট বের করবে এবং কিছু দিন পর তা বাজার থেকে সরিয়ে ফেলবে বলে মনে করেন তিনি। মাইক্রোসফটের হার্ডওয়্যার বিক্রয় করার "কোন প্রয়োজন নেই" কারণ সফটওয়্যার লাইসেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি যা আয় করে হার্ডওয়্যার নির্মাণ করলে সে আয় অনেক কমে যাবে। মাইক্রোসফটের কৌশল "পর্যালোচনার" মাধ্যমে শিহ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে উল্লেখ করেন।

তবে শিহ এর এই মনোভাব মাইক্রোসফটের কৌশল সম্পর্কে ইতিবাচক ভাবনাগুলো একটি হিসেবে বিবেচিত। কিন্তু কৌশলটি সম্পর্কে যারা কঠোর মনোভাব পোষণ করেন তাদের ধারণা- মাইক্রোসফট মনে করছে অ্যাপল এবং অ্যানড্রয়েডের সাথে কঠোর প্রতিযোগিতায় নামতে হলে তাকে অবশ্যই পিসি নির্মাতাদেরকে পাশকাটিয়ে এগুতে হবে। এছাড়া মাইক্রোসফটের ট্যাবলেট সেই প্রতিষ্ঠানকে নিচু করে দেখাবে যেগুলো পূর্বে মাইক্রোসফটের সতর্কবাণী না শুনে নিম্নমানের পণ্য বের করেছিল। এদেরকে এখন থেকে পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবার সাথে সাথে মাইক্রোসফটের সাথেও প্রতিযোগিতা করতে হবে।

তবে বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতাদের মধ্যে অন্যতম ডেল ইমেইলের মাধ্যমে সারফেস সম্পর্কে তার মনোভাব প্রকাশ করতে গিয়ে বলে, "মাইক্রোসফট ডেলের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। মাইক্রোসফটের অংশীদার হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। আমরা উইন্ডোজ এইট এর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ওএসটি যখন বের হবে তখন সেখানে আমাদের ট্যাবলেটও থাকবে।"

তবে ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত সারফেস সম্পর্কে কোন ধারণাই ছিল না মাইক্রোসফটের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর। ট্যাবলেট বের করার ঘোষণা দিয়ে তাদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছে রেডমন্ড। আর তাই প্রতিষ্ঠানটির এই কৌশল সম্পর্কে তারা প্রশ্ন করতেই পারে। না করাটাই বরং অস্বাভাবিক, তাই না?

গবেষণামূলক প্রতিষ্ঠান ওভাম এর বিশেষজ্ঞ জ্যান ডসন বলেন, "পদক্ষেপটি অংশীদারদের উপর বিশ্বাস রাখা যাচ্ছেনা ধাঁচের, এই প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে মাইক্রোসফটের দ্বারা প্রত্যাখ্যাত অথবা তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করা হচ্ছে বলে মনে করতেই পারে।"

মাইক্রোসফটের এই প্রচেষ্টা কিন্তু অনেকটা গুগলের মতই। প্রতিষ্ঠানটি তার নেক্সাস ফোন বের করে এবং অল্প কিছুদিনের মধ্যে নেক্সাস ট্যাবলেটও বের করতে চলেছে। কৈ কেউতো এ ব্যাপারে উচ্চ বাক্য করছে না। বরং নেক্সাসের চাইতে ভালো ডিভাইস নির্মাণের চেষ্টায় ব্যস্ত সবাই। ব্যবহারকারীদের হাতে সেরা ডিভাইসটি তুলে দেয়া এটাই কি গুগলের মূল লক্ষ্য নয়? মাইক্রোসফট হয়তো আসলেই তাই চায়, নিজ নামে এমন একটি ডিভাইস উপহার দেয়া যা দেখে অন্যান্য নির্মাতারা উইন্ডোজ এইট এবং উইন্ডোজ আরটি ভিত্তিক আরো আকর্ষণীয় ট্যাবলেট এবং আলট্রাবুক বের করবে যা অ্যাপলের আইওস এবং গুগলের অ্যানড্রয়েড ডিভাইসের সাথে পাল্লা দিতে পারবে।

তবে সারফেস এর স্পেসিফিকেশন দেখে কিন্তু আমার মনে হয়েছে অন্যান্য পিসি নির্মাতাকে উস্কে দেবার জন্যেই এই ট্যাবলেট বের করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। সারফেসের উইন্ডোজ এইট সংস্করণটির ডিসপ্লে রেজ্যুলেশন যেখানে ১৯২০x১০৮০ সেখানে নিউ আইপ্যাডের ২০৪৮x১৫৩৬। সেখানে মাইক্রোসফট কিভাবে একে আইপ্যাড ঘাতক বলে অভিহিত করতে পারে। ধরে নেয়া যেতে পারে উইন্ডোজ এইট এবং এর মোবাইল সংস্করণটি সম্পর্কে মানুষকে আরো আগ্রহী এবং সাথে সাথে অংশীদাররা যেন নিজে থেকে কঠোরভাবে মাণ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহককে গুণগত মাণ সমৃদ্ধ পিসি উপহার দেয় এ লক্ষ্যেই মাইক্রোসফট এই পদক্ষেপ গ্রহণ করেছে।

একই রকম আরো কিছু পোস্ট